শীর্ষেই বছর শেষ লিভারপুলের

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:৪৩

লিভারপুল ২ উলভারহ্যাম্পটন ০

 স্পোর্টস ডেস্ক

শিরোপা প্রত্যাশী লিভারপুল উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থেকেই বড়দিনের ছুটিতে গেল। বলা হয়ে থাকে বড়দিনের সময় এগিয়ে যাওয়া দলটিই প্রিমিয়ার লিগ জেতে। তবে এতেই তৃপ্ত হতে নারাজ লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ। জানালেন শিরোপা জিততে ১০৫ পয়েন্ট লাগতে পারে তার দলের।

মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর করা গোলে এগিয়ে যায় অল রেডরা। ১৮তম মিনিটে মিডফিল্ডার ফ্যাবিনহোর পাসে গোলটি করেন তিনি। স্বাগতিক উলভারহ্যাম্পটন এর পর লিভারপুল রক্ষণ ভেঙে সমতা ফেরাতে ক্রমাগত চাপে রেখেছিল লিভারপুলকে। তার মধ্যেই ৬৮ মিনিটে ভার্জিল ভ্যান ডাইকের গোলে জয় নিয়ে সব অনিশ্চয়তা দূর করে ক্লপের শিষ্যরা। 

লিভারপুল এই জয়ে এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে চারে নিয়ে গেছে। এটিই তাদের দিয়েছে শীর্ষে থেকেই বছর শেষ করার নিশ্চয়তা। প্রিমিয়ার লিগের শেষ নয় মৌসুমে বড়দিনের ছুটিতে শীর্ষস্থানে থাকা আটটি দলই শেষ হাসি হেসেছিল। তবে এই পরিসংখ্যান লিভারপুলের জন্য বেশ সুখকর স্মৃতি বয়ে আনছে না। শেষবার তালিকার চূড়ায় থেকে বছর শেষ করার পরেও শিরোপা জিততে না পারা দলটি যে লিভারপুলই! ২০১৩-১৪ মৌসুমে শিরোপার খুব কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল কোচ ব্রেন্ডন রজার্সের লিভারপুলকে।

তবে ক্লপের বিশ্বাস এই মৌসুমের প্রেক্ষাপট ভিন্ন। ক্লপের ধারণা রেকর্ড ১০৫ পয়েন্ট অর্জন করে তবেই শিরোপা জিততে হবে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ বলেন, ‘আমি জানি না এ বছর ঠিক কত পয়েন্ট প্রয়োজন আমাদের, অন্যদের কত প্রয়োজন তার ধারণাও আমাদের নেই।’

ক্লপ মনে করেন বিগত বছরগুলোর শিরোপার দৌড় এবারের মতো টানটান উত্তেজনাপূর্ণ ছিল না। ক্লপের ভাষায়, ‘এটি সত্যিই ভিন্ন কিছু, কেননা বর্তমান অবস্থা সম্পর্কে সবাই আমাকে জিজ্ঞেস করে, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এবং এ জাতীয় অনেক বিষয়ে কথা বলে। কেউ কেউ তো এটাও বলে যে, শেষ চারবার যারাই বড়দিনে তালিকার শীর্ষে ছিল তারাই শিরোপা জিতেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, সেগুলো কি এবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল?’ 

সিটি এবং লিভারপুল ইতোমধ্যেই ৪০ পয়েন্ট অর্জন করে ফেলেছে। বড়দিনের আগেই তা করার সুযোগ থাকছে টটেনহ্যাম ও চেলসির সামনেও। ক্লপের মতে সেটিই এবারের প্রতিযোগিতাকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। তিনি বলেন, ‘অন্যরা (চেলসি ও টটেনহ্যাম) যখন খেলবে, তখন যদি ২-০ ব্যবধানে জেতে তবে আমি মনে করি তিন কিংবা চারটি দল বড়দিনের আগেই ৪০ পয়েন্ট অর্জন করে ফেলবে, এটা সত্যিই ব্যতিক্রম কিছু।’ 

ক্লপ আরও বলেন, ‘যদি আপনি শিরোনাম করতে চান ‘ক্লপ বলেছেন শিরোপা জিততে ১০৫ পয়েন্ট প্রয়োজন’ তাহলে করে দিতে পারেন। আমি এমনটা ভাবি না। আমি আগেও এ নিয়ে ভাবিনি, এখনও ভাবছি না। আমি শুধু ভদ্রভাবে উত্তর দিতে চেষ্টা করেছি।’

আপাতত ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান চার হলেও কাল রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সিটি জিতে থাকলে তা নেমে আসবে একে। এটিও লিভারপুলকে দুঃসহ এক স্মৃতি মনে করিয়ে দেবে। শেষবার বড়দিনের ছুটিতে শীর্ষ দলের ন্যূনতম ব্যবধানে দ্বিতীয় স্থানে থাকা দল থেকে এগিয়ে থাকার ঘটনাটিও যে ২০১৩-১৪ মৌসুমের!