আর্সেনাল জিতলো সহজেই

ওজিলকে খেলালেন কোচ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:৪৪

 স্পোর্টস ডেস্ক

আর্সেনাল কোচ উনাই এমারি জানিয়েছেন তিনি বেতন বিবেচনায় তার খেলোয়াড়দের মধ্যে কোন প্রভেদ করেননা। তার কাছে  সবাই সমান।

বার্নলির বিরুদ্ধে গতকাল ৩-১ গোলে জেতা খেলাটির আগের দিন সংবাদ সম্মেলনে কোচ এমারির কাছে ওজিলের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তখন তিনি এ কথা জানান। ওজিল অবশ্য গতকালকের খেলাটিতে শুরুর একাদশেই মাঠে নামেন। 

কোচ এমারি বলেন যে কাউকে খেলানো কিংবা বসিয়ে রাখাটা নির্ভর করে কোন ম্যাচের প্রেক্ষিতে  কৌশলগত দিক বিবেচনায়। সাম্প্রতিক সময়ে মেসুত ওজিলকে কয়েকটা খেলায় বসিয়ে রাখার কারণে সাংবাদিকরা তার কাছে জার্মান ফুটবলারটি ভবিষ্যত নিয়ে জানতে চান।

ওজিলকে গত মাসে মাঝে মাঝেই বসিয়ে রাখেন কোচ এমারি। সেসময় তিনি খেলোয়াড়টিকে বসিয়ে রাখার কারণ হিসেবে তার ইনজুরি ও কৌশলগত দিকের কথাই জানিয়েছিলেন। নভেম্বরে লেস্টার সিটির বিরুদ্ধে ৩-২ গোলের জয়ের পর আর্সেনালের হয়ে কেবল দুটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন ওজিল। এ কারণেই ওজিলের ক্লাবটিতে ভবিষ্যতে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ধারণা করা হয় রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান তাকে নেয়ার ব্যাপারে আগ্রহী।

কোচ এমারি গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন,‘কিছু খেলায় আমাদের ভিন্ন কিছু করার দরকার পড়ে। সেটা ব্যক্তিকে ঘিরে নয়তো কৌশলগতভাবে। যখন আমি কাউকে না খেলানোর সিদ্ধান্ত নেই, সেটা মুলত কৌশলগত সিদ্ধান্ত। এটা তার কিংবা অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা তার কিংবা অন্যের বেলাতেও একই। এখন আপনারা যদি বলেন কারো বেশি বেতন কিংবা কম বেতনের জন্য এই ব্যবধান হচ্ছে, তাহলে আমি বলবো উভয়েই সমান।’