হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া এলাকায় বড়আন বিলে সোমবার অনুষ্ঠিত হয় বাত্সরিক পলো উত্সব। আতুকুড়া, সুবিদপুর, করিমনগর, নাগুরা, বেলাপুর ও কাঠালিয়াসহ প্রায় ২০/২৫টি গ্রামের হাজার হাজার উত্সুক দর্শক বিল এলাকায় সমবেত হন। পলো হাতে বিলে নামা প্রায় সকলেই কমবেশি মাছ শিকার করেন। শৌল, গজার, বোয়াল, চিতল, রুই, কাতলা, বিভিন্ন জাতের কার্প মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করেন তারা। বড়ো মাছ শিকারের জন্য কয়েকজন শিকারিকে পুরস্কৃত করা হয়।
এলাকাবাসী জানান, শত বছর ধরে চলে আসা এ উত্সবটি আগের তুলনায় অনেকখানি স্থিমিত হয়ে গেছে। এর মূল কারণ হিসেবে তারা ইজারাদারের বিল সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা, বিল এলাকা অবৈধ দখল করাকে উল্লেখ করেন।
