অনুমতি ছাড়া ভারত গমন
লালমোহন (ভোলা) সংবাদদাতা
অনুমতি ছাড়া ভারতে যাওয়ায় লালমোহনের পশ্চিম চরউমেদ ইউপি চেয়ারম্যান আবু ইউসুফকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান আবু ইউসুফ পরিষদে নিয়মিত কোনো সভা করছেন না এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ভারত গমন করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্তে প্রমাণিত হয়। যার ফলে চেয়ারম্যান আবু ইউসুফের কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান আবু ইউসুফকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদিকে চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, যেহেতু কোনো চিঠিপত্র পাইনি, সেহেতু এ বিষয়ে কোনো কিছু বলতে পারছি না। তবে একটি মহল আমার পেছনে ষড়যন্ত্র করছে। তারা হয়তো লবিং করে এমন ঘটনা ঘটাতে পারে। আমি সকলের দোয়া চাই। ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক বরখাস্তের প্রজ্ঞাপনের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্তের একটি চিঠি এসেছে। পর্যালোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
