কৃষিশিক্ষার সেরা বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের দেশের খাদ্যে স্বয়ংসমপূর্ণতা অর্জনে এই বিশ্ববিদ্যালয়ের অবদান সবচেয়ে বেশি। গত এক যুগে বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হলেও নতুন করে হল করা হয়েছে মেয়েদের জন্যে দুটি। ছেলেদের জন্যে সর্বশেষ হল তৈরি করা হয় ১৯৯৮ সালে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ২০১১-২০১২ সেশনে রেকর্ডসংখ্যক প্রায় ৪৫ শতাংশ মেয়ে ভর্তি হয়। তখন থেকেই মেয়েদের আবাসন সংকটের শুরু। বর্তমানে প্রতি বছর প্রায় ৫০ শতাংশ মেয়ে ভর্তি হচ্ছে, ফলে মেয়েদের আবাসন সংকট তীব্র আকার ধারণ করেছে। তৃতীয় বর্ষে পড়ে এমন অনেক মেয়েকেই একজনের সিটে দুইজন করে থাকতে হয়। ছেলেদের হলে তিনজনের জন্যে অপর্যাপ্ত রুমে চারজন করে থাকতে হয়। নতুন হল নির্মাণের জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
জাকির মাহমুদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
