ইত্তেফাক রিপোর্ট
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ বছরের বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়নশিপে প্রায় সবগুলো ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আবারো বর্ষসেরা ইউনিট নির্বাচিত হয়েছে। ডিএমপির মিজানুর রহমান ২০১৮ সালে বাংলাদেশ পুলিশের বর্ষসেরা পুরুষ ও রুবিনা বেগম বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে কৃতী পুলিশ খেলোয়াড়দের সম্মাননায় পুলিশ স্পোর্টস ইভিনিং এর আয়োজন করা হয়। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় আইজিপি’র কাছ থেকে বর্ষসেরা ইউনিটের ট্রফি নেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।
বাংলাদেশ পুলিশের জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ১৫৫ জন ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণকারী ৪৭ জন খেলোয়াড়কে এই স্পোর্টস ইভিনিংয়ে সম্মাননা দেওয়া হয়। বছরটিতে পুলিশের কৃতী খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে ৩টি স্বর্ণ ও ২টি তাম্র পদক অর্জন করে। প্রতিবছর স্পোর্টস ইভিনিং-এর মাধ্যমে খেলাধুলায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় খেলোয়াড়দের সম্মাননা ও পুরস্কৃত করা হয়। কৃতী খেলোয়াড়গণ প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার গ্রহণ করেন। পরে বিশিষ্ট শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
ডিএমপি আবারো বর্ষসেরা ইউনিট নির্বাচিত হওয়ায় আইজিপি তাদের অভিনন্দন জানান। এছাড়াও পুলিশের সকল ক্রীড়া ক্লাবের সভাপতি, ম্যানেজার, কোচ ও খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ জানান আইজিপি।
বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের আয়োজনে ‘বাংলাদেশ পুলিশ স্পোর্টস ইভিনিং ২০১৮’ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (এফ এন্ড ডি) মোঃ মইনুর রহমান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, ডিআইজিগণ, অতিরিক্ত ডিআইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণসহ পুলিশের বিভিন্ন খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
