মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদীর ওপর প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪৫৬ মিটার দীর্ঘ ব্রিজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করেন। ব্রিজটি উদ্বোধন হওয়ায় মানিকগঞ্জের সঙ্গে ঢাকার দূরত্ব ২৫ কিলোমিটার কমে এসেছে। এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, তাদের আওতাধীন বালিরটেক এলাকায় ব্রিজটি নির্মাণের কাজ নাভানা কনস্ট্রাকশন ২০১৬ সালের অক্টোবর মাসে শুরু হয়। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এ সেতুটির। রবিবার দুপুরে ব্রিজটি পরিদর্শন করেন সংসদ সদস্য মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফজলে হাবিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা প্রমুখ। ছবি : শহিদুল ইসলাম সুজন
