ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি (জাপা) মনোনীত হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের প্রার্থী হিসেবে বহাল থাকা না থাকা নিয়ে আবারও গুঞ্জন সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় প্রথমে জাপা সিদ্ধান্ত নেয় মিলনকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নেবে। সিদ্ধান্ত পালটে সমঝোতার ভিত্তিতেই তাকে আবার প্রার্থী হিসেবে বহাল রাখা হয়। তবে ভোটের চার দিন আগে সোমবার আবারও মিলন ভোটের মাঠে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন বলে খবর রটে। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার ফের সিদ্ধান্ত হয় মিলন প্রার্থী হিসেবে প্রচারণা অব্যাহত রাখবেন, শেষ পর্যন্ত ভোটেও থাকবেন।
জাপার দায়িত্বশীল নেতারা জানান, আওয়ামী লীগের অনুরোধে জাপা প্রথমে মিলনের প্রার্থিতা প্রত্যাহার করতে চেয়েছিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে মিলন রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদনও পাঠান। কিন্তু ঐদিনই জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদের কলাবাগানের অফিসে আওয়ামী লীগ-জাপা নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, মিলনের প্রার্থিতা প্রত্যাহারের প্রয়োজন নেই। গতবারের মতো এবারও বিএনপি মাঝপথে ভোটের মাঠ থেকে সরে যেতে পারে—এরকম আশঙ্কা থেকেই মিলনকে ভোটের মাঠে রেখে দেওয়া হয়। মেয়র প্রার্থী মিলন গতরাতে ইত্তেফাককে জানান, তিনি ভোটে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন।
এদিকে মিলন গতকাল কাকরাইল, বিজয়নগর, আরামবাগ, মতিঝিল, গোপীবাগ, টিকাটুলি, আর কে মিশন রোড, ধলপুর, সায়েদাবাদ, উত্তর যাত্রাবাড়ী, ভাঙ্গাপ্রেস, মৃধাবাড়ি, বাঁশেরপুল, ডেমরা স্টাফকোয়ার্টার, সারুলিয়া, শনির আখড়া, রায়েরবাগ ও সাইনবোর্ড এলাকায় গণসংযোগ করেন। মিলনের সঙ্গে এ সময় তার দুই ছেলে রাকিব উদ্দিন আবির ও সাকিব উদ্দিন শিফান উপস্থিত ছিলেন।
