একটি আবেদনের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:৪৯

দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকার পর অবশেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এনটিআরসিএ। বিজ্ঞপ্তির একটি লাইন পড়ে চমকে যেতে হলো। কেননা যত ইচ্ছে ততগুলো প্রতিষ্ঠানে আবেদন করার কথা বলা হয়েছে নিবন্ধনধারীদের। তবে প্রতিটি আবেদনের জন্য লাগবে ১৮০ টাকা করে। যদি নিজস্ব কমিপউটার না থাকে, তাহলে বাইরে থেকে আবেদন করলে গুনতে হবে ২৩০ থেকে ২৫০ টাকা করে। এত টাকা বেকার নিবন্ধিতরা পাবে কোথায়? তাহলে কি টাকার অভাবে আবেদন করবে না তারা? জানামতে, বাংলাদেশের আর কোনো নিয়োগ পরীক্ষায় এত টাকা চাওয়া হয় না। একটি আবেদনে ১৮০ টাকা করে হলে কমপক্ষে ১০টি আবেদন করলে প্রয়োজন হবে ১৮০০ টাকা। ২০১৬ সালেও এমনটি হয়েছিল। অনেক বেকার চাকরির আশায় ৩০-৪০টি করে আবেদন করেছিল, কিন্তু নিয়োগ পায়নি। এনটিআরসিএ-র আরো একটি নিয়ম অনেকের যন্ত্রণার কারণ হয়েছে। গণবিজ্ঞপ্তিতে উল্লে­খ আছে যে, বয়স যাদের ৩৫ বছরের বেশি তারা আবেদন করতে পারবে না। অনেকেই দীর্ঘদিন ধরে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে। তাই আবেদনের বয়স কমপক্ষে ৪০ বছর করা প্রয়োজন। সেইসঙ্গে একাধিক আবেদন নয়, একটি আবেদনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু করা উচিত। এমন করা যায় যে, আবেদন একটি কিন্তু একাধিক প্রতিষ্ঠান পছন্দ করার পদ্ধতি। এভাবে করলে বেকারদের কষ্ট লাঘব হবে। তাই বিজ্ঞপ্তি সংশোধন করে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুন্নাফ হোসেন

সহকারী শিক্ষক, মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইল