জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘দশ বছর আগে এসে যা দেখেছি। এখনো তাই দেখছি, কোনো পরিবর্তন নেই। মানুষ পরিবর্তন ও উন্নয়ন চায়। তাই উন্নয়নের জন্য দরকার জাতীয় পার্টির সরকার। গতকাল সোমবার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের গ্রামার্দ্দন গ্রামে মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বেতাগী উপজেলার কৃতী সন্তান, বর্তমান পত্রিকার সম্পাদক ও প্রকাশক, মুন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমানের আমন্ত্রণে তিনি এ সফর করেন।
সাবেক এই রাষ্ট্রনায়কের সফরসঙ্গী হিসেবে ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব:) খালেদ আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান, থানার আফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া, বরিশাল মহানগর জাপার সভাপতি এ্যাডভোকেট একেএম মুর্তজা আবেদীন, বরগুনা জেলা জাতীয় পার্টির সভাপতি মো. হানিফ মাতুব্বর, সাধারণ সম্পাদক মাইনুল হাসান রাসেল, বেতাগী উপজেলা জাপার সভাপতি নাসির উদ্দিন পিযূষ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া নওরোজ, পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব হাবীবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
