অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও লাক্সতারকা মেহজাবিন চৌধুরী অভিনীত দর্শকপ্রিয় নাটক বা টেলিফিল্মের সংখ্যা দিন দিন বাড়ছে। জুটি হিসেবে তাদের অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। যে কারণে এ জুটির দর্শক-চাহিদাও বেড়েছে। তাই এই জুটিকে নিয়ে নাট্যপরিচালক মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করলেন আসছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক। ‘চারুর বিয়ে’ শিরোনামের নাটকটি রচনা করেছেন নাজিয়া হাসান অদিতি। সম্প্রতি রাজধানীর মিরপুর ও উত্তরার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। নাটকটিতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন। আর অপূর্বকে দেখা যাবে আদনান নামের চরিত্রে। এতে আরো অভিনয় করেছেন আল মামুন, মিলি বাশার, আরজুমান্দ আরা বকুল প্রমুখ। গল্প প্রসঙ্গে নাট্যকার নাজিয়া হাসান অদিতি বলেন, ‘এটি মূলত পারিবারিক গল্পের নাটক। যে গল্পের ভেতরে প্রেম-ভালোবাসাও তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে এমন হয়, একটি মানুষকে কয়েকদিন দেখার পর কিংবা কয়েকদিন চলার পর তার সম্পর্কে একটি ধারণা তৈরি হয়। সেই ধারণা যে সব সময় সঠিক নাও হতে পারে, তা-ই এ নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘নাটকটির শিডিউল নিয়ে যখন বিভিন্ন শিল্পীর সঙ্গে কথা হচ্ছিল, তখন সবার শিডিউল মেলানো একটু ঝামেলাই হয়ে যাচ্ছিল। তখন আমার মনে হচ্ছিল, যদি গল্পের চরিত্রানুযায়ী সবার শিডিউল না মিলে, তাহলে আপাতত নাটকটির কাজ করব না। কারণ সব সময় ভালো গল্প পাওয়া যায় না। আর যেহেতু নাট্যকার অসাধারণ একটি গল্প লিখেছেন, তাই আমি চেয়েছি কাজটি একটু বেশি মনোযোগ দিয়ে ভালোভাবে করতে। যাই হোক, পরে সবারই ঠিকমতো শিডিউল পেয়েছি। আর তিন দিনে সবাই ভালোভাবে কাজটি করার চেষ্টা করেছি। চারু চরিত্রে যথারীতি মেহজাবিনও খুব ভালো অভিনয় করেছে। সব মিলিয়ে এবারের ভালোবাসা দিবসে নাটকটি দর্শকদের কাছে প্রিয় একটি নাটক হয়ে উঠবে আশা করছি।’ মেহজাবিন চৌধুরী বলেন, ‘নাটকটিতে নাম-ভূমিকায় যেহেতু অভিনয় করেছি, তাই চরিত্রটির প্রতি অধিক মনোযোগ রেখে অভিনয় করতে হয়েছে। গল্পটা খুব ভালো। যে কারণে অভিনয় করেও দারুণ ভালো লেগেছে। আর যথারীতি অপূর্ব ভাইয়াসহ সবার তো সহযোগিতা ছিলই। আশা করছি, নাটকটি দর্শকদের খুব ভালো লাগবে।’ আসছে ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। এর আগে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় অপূর্ব ও মেহজাবিন চৌধুরী অভিনীত ‘বড় ছেলে’ নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল।
