অস্কার! আর কিছু বলার প্রয়োজন আছে কী? এক নামেই তো সবাই জানে এর আকর্ষণ আর সম্মানের কথা। নামটি শুনলেই তো চোখের সামনে ভেসে ওঠে চকচকে লাল গালিচার ওপর দিয়ে অসংখ্য খ্যাতনামা শিল্পী, কলাকুশলী আর পর্দার সামনে ও পেছনের অনেক গুণী লোকের আনাগোনায় মুখরিত এক আলোকোজ্জ্বল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যা এক বাক্যে সিনেমার সর্বোচ্চ সম্মান। দশকের প্রথম অস্কার অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। সে হিসেবে আর বাকি ১০ দিন। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সাজসাজ রব। কোন সিনেমা, পরিচালক কিংবা অভিনয়শিল্পীর হাতে উঠতে পারে এ পুরস্কার তা নিয়ে আলোচনা তো চলছেই।
১৬২ জনের মনোনয়ন উদযাপন
৯২তম অস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে মনোনায়ন পেয়েছেন ১৬২ জন। তাদের নিয়ে গত ১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের রে ডলবি বলরুমে বসেছিল তারার হাট। ওপরে যে ছবিটি দেখছেন সেটি সেসময়ের। এই যে উত্সবের আগে সবাই একই ছাদের নিচে দাঁড়ালেন এর প্রচলনটা শুরু হয়েছিল আশির দশকের প্রথমদিক থেকে। তবে এবারই প্রথম এই অনুষ্ঠান ফেব্রুয়ারির বদলে জানুয়ারিতে হলো।
আল পাচিনো, লিওনার্দো ডিক্যাপ্রিও, ব্র্যাড পিট, কোয়েন্টিন টারান্টিনো, বং জুন হো, গ্রেটা গারউইগ, নোয়াহ বাউমবাচসহ আরো অনেক শিল্পী ও নির্মাতা উপস্থিত ছিলেন এবারের আয়োজনে। মনোনয়ন উদযাপন করতে আসা বিখ্যাত এই তারকারা দিনভর ছিলেন আড্ডার মেজাজে! অস্কার ক্লাস ও লাঞ্চে অংশ নেওয়া সব তারকাদের বন্দি করা হয়েছে এক ফ্রেমে। একসঙ্গে সবার খেতে বসার জন্য ২৪টি লম্বা টেবিল পাতা হয়েছিল। ছিল নানারকমের সুস্বাদু খাবারের আয়োজন। তবে অনুষ্ঠানের আনন্দ অনেকটাই কমে গেছে কোবি ব্রায়ান্টের মৃত্যু সংবাদে। স্বাগত বক্তব্যে অস্কারের প্রেসিডেন্ট স্মরণ করেন সদ্যপ্রয়াত এই কিংবদন্তীকে। তার জন্য নীরবতা পালন করা হয় কিছুক্ষণ।
এবারো একই থাকছে
এবারো ২৪টি ক্যাটাগরিতে অস্কার দেওয়া হবে। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে সেরা সিনেমা, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা রূপান্তরিত চিত্রনাট্য, সেরা মৌলিক কাহিনি, সেরা রূপান্তরিত সিনেমা, সেরা পরিচালক, সেরা অ্যানিমেশন সিনেমা, সেরা অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য সিনেমা, কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা, কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী, পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতা, পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রী, সেরা শিল্প নির্দেশনা, সেরা চিত্রগ্রহণ, সেরা ভিজ্যুয়াল অ্যাফেক্ট, সেরা মৌলিক গান, সেরা সুর, সেরা পোশাক পরিকল্পনা, সেরা মেকআপ, সেরা শব্দ সম্পাদনা, সেরা শব্দ সংমিশ্রণ, সেরা ডকুমেন্টারি, সেরা স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি ও সেরা বিদেশি ভাষার সিনেমা।
ভোট শেষ ৪ ফেব্রুয়ারি
১৩ জানুয়ারি মনোনয়ন পাওয়া সিনেমা ও ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় বছরের সবচেয়ে আলোচিত সিনেমা জোকারের পাল্লাই সবচেয় ভারী। ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে জোকার। এবারের অস্কারের সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে ফোর্ড ভার্সেস ফেরারি, ১৯১৭, জোজো র্যাবিট, জোকার, ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড, দ্য আইরিশম্যান, ম্যারিজ স্টোরি, লিটল উইম্যান ও প্যারাসাইট। তবে কার হাতে উঠছে এ পুরস্কার তা এখনই বলা সম্ভব না। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সকল সদস্য সেরা সিনেমার নমিনেশনের ভোট দিতে পারবেন। এছাড়া শুধুমাত্র নিজ নিজ ক্যাটাগরিতে ভোট দেওয়ার সুযোগ থাকে সদস্যদের। যেমন ব্রাড পিট শুধু অভিনেতা ক্যাটাগরিতেই ভোট দিতে পারবেন, প্রযোজক কিংবা অন্য কোনো ক্যাটাগরিতে ভোট দিতে পারবেন না।
তারকাদের অনীহা!
অস্কারের মঞ্চে দাঁড়ানো সব অভিনয়শিল্পীরই স্বপ্ন থাকে। কিন্তু সেখানে অনিহা এসে গেছে! দ্বিতীয়বারের মতো এবারো কোনো উপস্থাপক খুঁজে পায়নি অস্কার কমিটি। এ বছর বেশ কয়েকজন নামীদামি তারকাকে প্রস্তাব দেওয়া হলেও তারা কেউ অস্কারে উপস্থাপনা করতে রাজি হননি। অস্কার উপস্থাপনায় কেন তারকাদের এই অনীহা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আর তাই দ্বিতীয়বারের মতো কোনো উপস্থাপক ছাড়াই অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ডের ৯২তম আসর।
১৯৮৯ সালের পর প্রথমবারের মতো ২০১৯ সালে উপস্থাপক ছাড়াই পরিচালিত হয়েছিল অস্কার প্রদানের অনুষ্ঠানটি। সেবার অবশ্য উপস্থাপক হিসেবে কেভিন হার্টকে দায়িত্ব দেওয়া হলেও অনুষ্ঠানটি শুরু হওয়ার কিছুদিন আগেই তিনি তার নাম প্রত্যাহার করে নেন। সর্বশেষ ২০১৮ সালে জিমি ক্যামেল অস্কারের উপস্থাপক হিসেবে কাজ করেছিলেন।
তাঁরকাটা পেরিয়ে
সবকিছু ঊর্ধ্বে যে শিল্প তা আবারো প্রমাণিত হলো। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সিরিয়ান নির্মাতা ফেরাস ফায়াদের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তিনি দ্য কেভ ছবির জন্য এ বছর সেরা ডকুমেন্টারি বিভাগে মনোনয়ন পেয়েছেন। তবে শেষ পর্যন্ত অস্কারে যোগ দিতে আমেরিকায় পা রেখেছেন সেই নির্মাতা।
যদিও অস্কার অ্যাওয়ার্ডে যোগ দিতে আমেরিকার ভিসার জন্য আবেদন করেন ফেরাস, কিন্তু তখন তার আবেদন বাতিল করে দেওয়া হয়। এরপর আবারো ভিসার জন্য আবেদন করে সফল হন এই নির্মাতা। ২০১৮ সালেও অস্কারের অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন সিরিয়ান নির্মাতা ফেরাস ফায়াদ।
