নাদালকে থামিয়ে থিয়েমের প্রতিশোধ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২১:৪১

ডমিনিক থিয়েম শেষ দুই বছরে এই রাফায়েল নাদালের কাছে হেরেই কমপক্ষে দুটো গ্র্যান্ডস্ল্যাম হারিয়েছেন। তবে গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে দেননি অস্ট্রিয়ান থিয়েম। স্প্যানিশ প্রতিপক্ষকে ৭-৬, ৭-৬, ৪-৬, ৭-৬ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন প্রতিযোগিতার সেমিফাইনাল।

প্রথম তিন রাউন্ডে সহজ জয় নিয়ে শেষ ষোলোয় নিক কিরগিয়সের প্রবল প্রতিরোধের মুখেই পড়েছিলেন নাদাল। তবে সেদিনও নাদাল শেষমেশ জয় তুলে নিয়ে কোয়ার্টারে এসেছিলেন। গতকাল বুধবার রড লেভার অ্যারেনায় শুরু থেকেই থিয়েমের সঙ্গে লড়েছেন সমানে সমানে। শুরুর দুই সেট টাইব্রেকারে গড়ালেও শেষ হাসি হাসেন থিয়েমই।

শুরুর দুই সেট হারের পর তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে নাদাল জেতেন। এরপরের সেটে এক পর্যায়ে থিয়েম ৫-৩ ব্যবধানে পিছিয়ে পড়েও নাদাল দারুণভাবে ম্যাচে ফিরে খেলাটাকে নিয়ে যান টাইব্রেকারে। সেখানে অবশ্য প্রথম দুই সেটের টাইব্রেকারেরই পুনর্মঞ্চায়ন ঘটেছে। ফলে চার সেট আর চার ঘণ্টা দশ মিনিট দীর্ঘ ম্যাচ জিতে থিয়েম পা বাড়ান শেষ চারের দিকে।

জয়ের প্রতিক্রিয়ায় থিয়েম বলেন, ‘সার্ভগুলো ভালোভাবেই করছিলাম আমি, এরপর ব্যাপারটা ৫-৪ হয়ে যায়। এটা আমার জন্যে বিশেষ মুহূর্ত। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্যে রাফার বিপক্ষে সার্ভ করছিলাম, এর আগে কখনো এমন হয়নি। মানসিকভাবে কঠিন মুহূর্ত ছিল কিন্তু আমি টাইব্রেকারে আবার ব্যাপারটা পালটে দিয়েছি।’

সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে আলেক্সান্ডার জেরেভকে পেয়েছেন থিয়েম। জেরেভ গতকাল শেষ আটের ম্যাচে রড লেভার অ্যারেনায় দিনের শুরুর ম্যাচে স্টানিস্লাস ওয়াওরিঙ্কার বিপক্ষে শুরুর সেটে হেরেও ১-৬, ৬-৩, ৬-৪, ৬-২ গেমে জিতে শেষ চার নিশ্চিত করেন।