বানরের থাবায় বিশ্বকাপ শেষ!

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২১:৪১

যুব বিশ্বকাপের মাঝপথ থেকেই বাড়ি ফিরতে হলো অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে। কারণটা ভূতুড়ে বললেও কম বলা হয়। তিনি দক্ষিণ আফ্রিকায় চলমান বিশ্বকাপে আর খেলতেই পারবেন না। কারণ, এক বেরসিক বানর তার মুখে থাবা মেরে বসেছে।

গেল সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে জয় উদ্যাপন করতে অস্ট্রেলিয়ার যুবারা সংরক্ষিত প্রাকৃতিক এলাকায় ভ্রমণে বেরিয়ে ছিল। সেখানেই হয় বিপদ। এক বানর থাবা মেরে জখম করে ফ্রেজারের মুখ। দক্ষিণ আফ্রিকাতেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অধীনে তাকে প্রাথমিক ডাক্তারি সেবা দেওয়া হয়।

তবে, সেটা যথেষ্ট নয়। সিএ তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যদিও ফ্রেজারকে ঘিরে বড়ো কোনো শারীরিক সমস্যার আশঙ্কা করছে না সিএ। সিএ স্পোর্টস সায়েন্স অ্যান্ড স্পোর্টস মেডিসিন বিষয়ক ম্যানেজার, ‘জ্যাক ফ্রেজারকে বড়ো কোনো শারীরিক জটিলতার মুখোমুখি হতে হোক, সেটা আমরা চাই না। ওকে দেশে নিয়ে আসা হয়েছে, যাতে করে ওকে আমরা যথার্থ উপায়ে দেখভাল করতে পারি। ঘটনাটি ঘটার সাত দিনের আগে চিকিত্সা দেওয়া যাবে না। ওকে দেশে ফিরিয়ে এনে আমরা দ্রুত চিকিত্সার ব্যবস্থা করছি।

গত মঙ্গলবার ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দল। সেই ম্যাচে কোনো রান না করেই রান আউট হয়ে সাজঘরে ফিরে যান ফ্রেজার। এরপর বিশ্বকাপের স্থান নির্ধারণের জন্য আরো দুটো ম্যাচ খেলতে হবে অস্ট্রেলিয়াকে। আগেভাগেই বিশ্বকাপকে বিদায় জানানোয় হতাশ ফ্রেজার। ১৭ বছর বয়সি এই ভিক্টোরিয়ান বলেন, ‘আমার মতে, প্রাণীটির খুব কাছাকাছি চলে যাওয়াটা আমার ঠিক হয়নি। এটা আমার জীবনের বড়ো একটা শিক্ষা। আমি চিকিত্সা নিয়ে দ্রুত আবার মাঠে ফিরতে মরিয়া হয়ে আছি।’