পাকিস্তানে টেস্ট খেলবে বাংলাদেশ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২১:৪৩

পাকিস্তানে টেস্ট খেলবে না বাংলাদেশ, সফরকেন্দ্রিক আলোচনার শুরুতে সাফ জানিয়ে দিয়েছিল বিসিবি। গত মাসে দুই বোর্ডের চূড়ান্ত সমঝোতায় দুই টেস্ট নিয়েই সফরসূচি তৈরি হয়েছিল। তখনও বিসিবি থেকে বলা হয়েছিল, আগে টি-২০ সিরিজে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি দেখা হবে। তারপরই টেস্ট খেলার সিদ্ধান্ত নেবে বিসিবি।

গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, টি-২০ সিরিজে পাকিস্তানের দেয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট তারা। তাই টেস্ট সিরিজ খেলতেও পাকিস্তানে বাংলাদেশ দলকে পাঠানো হবে। আগামী ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। এজন্য ৫ ফেব্রুয়ারি দেশ ছাড়বে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল। এই টেস্ট খেলেই দেশে ফিরবে দল। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে আগামী এপ্রিলে।

টি-২০ সিরিজে বাংলাদেশকে নজিরবিহীন নিরাপত্তা দিয়েছে পাকিস্তান। সিরিজের ভেন্যু লাহোর শহরকে কার্যত স্তব্ধ করে দিয়ে সম্পন্ন হয়েছে তিন ম্যাচের সিরিজ। হোটেল ও মাঠ ছাড়া আবদ্ধ পরিবেশেই দিন কেটেছে বাংলাদেশ দলের।

পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ার সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে গতকাল সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘প্রথম থেকেই আমরা নিরাপত্তাটা না দেখা পর্যন্ত  স্বস্তি পাচ্ছিলাম না। আমরা বলেছিলাম টি-টোয়েন্টি দেখে বলব। যে নিরাপত্তা  দেখেছি এর চেয়ে বেশি নিরাপত্তা সম্ভব না। আমরা নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। এরপরও যে কোনো জায়গায় যে কোনো কিছু হতে পারে। টেস্ট খেলতে না যাওয়ার কোনো কারণ নেই। কারণ এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ। ওয়াকওভার দেওয়ার কোনো মানে নেই। আমার মনে হয় আমরা টেস্ট খেলতে যাচ্ছি।’