বরিশালে ৭০ মণ জাটকাসহ আটক ৯

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২১:৫৬

মত্স্য বিভাগ ও কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৭০ মণ জাটকা বোঝাই ৮টি অটোরিকশাসহ ৯ জনকে আটক করেছে। বুধবার সকালে নগরীর পলাশপুর ব্রিজ এলাকা থেকে ঐ জাটকাসহ তাদের আটক করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও অসহায়-দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া আটক ৯ জনকে বিচারের জন্য ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। সদর উপজেলা মত্স্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত জানান, নগরীর উপকণ্ঠ তালতলী থেকে শিকার নিষিদ্ধ বিপুলপরিমাণ জাটকা নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে পাচার হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ও মত্স্য বিভাগ নগরীর পলাশপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সকাল সাড়ে ৬ টার দিকে সন্দেহভাজন আটটি অটোরিকশা তল্লাশি করে ৭০ মণ জাটকা উদ্ধার করা হয়।