শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মেরিন ক্যাডেটরা দেশে-বিদেশে বিভিন্ন জাহাজে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। মন্ত্রী গতকাল বুধবার চট্টগ্রামের আনোয়ারায় মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ মেরিন একাডেমি আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজ পরিচালনায় বিশ্বমানের মেরিন অফিসার তৈরির জাতীয় প্রতিষ্ঠান। শিপিং এবং মেরিটাইম সেক্টরে এ অঞ্চলে বাংলাদেশ মেরিন একাডেমিকে নলেজ সেন্টার হিসেবে গড়ে তোলা হবে।
উল্লেখ্য, ৫৪তম ব্যাচে নটিক্যাল শাখায় ৪৯ জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ৫৫ জনসহ মোট ১০৪ জন মেরিন ক্যাডেট একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির জন্য নৌ শাখায় আবু সালেহ, প্রকৌশল শাখায় ইকবাল মাহমুদ ইকরা নৌপরিবহন মন্ত্রণালয়ের রৌপ্য পদক লাভ করেন। এছাড়াও সকল ক্ষেত্রে কৃতিত্বের জন্য মো. সালমান হাসানকে রাষ্ট্রপতির স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মেরিন একাডেমির কমান্ডান্ট ড. ইঞ্জিনিয়ার সাজিদ হোসাইনসহ মেরিন একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
