হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের ১৫ বিএনসিসি ব্যাটালিয়নের সপ্তাহব্যাপী ক্যাম্পিং সমাপ্ত হয়েছে। গত শুক্রবার রাতে হাটহাজারী সরকারি কলেজ মিলনায়তনে উক্ত সমাপনী অনুষ্ঠান ‘শিশির ভেজা সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়।
কর্ণফুলী রেজিমেন্টের ১৫ বিএনসিসি ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট মেজর মঞ্জুরে খোদার সভাপতিত্বে ওই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ মির কফিল উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ গুল মোহাম্মদ, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবু মুছা মো. মামুন, সহকারী অধ্যাপক আফজাল হোসেন ও প্রভাষক আবদুল্লাহ আল আহসান চৌধুরী,তসলিম উদ্দীন ও ছালে নূর।
ক্যাডেট সার্জেন্ট ফুয়াদ, ক্যাডেট ফাবিহা ও ক্যাডেট জোহানার সঞ্চালনায় ওই সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লে: মো. শহীদ উদ্দিন, পিইউও মৌসুমী বিশ্বাস, পিইউও হাসানুল করিম ও পিইউও মো. আবু তালেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ মির কফিল উদ্দিন বলেন, জ্ঞান-শৃঙ্খলা-সেবা এ তিনটি মানবিক গুণাবলী ধারণ করে বিএনসিসি’র চৌকস ক্যাডেটবৃন্দ দেশসেবা করে যাচ্ছেন।
ক্যাম্পিং এ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সমাপনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অংশগ্রহণকারী ক্যাডেটরা। গত ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী ব্যাটালিয়নের ক্যাম্পিং এ চট্টগ্রাম জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৯জন ক্যাডেট এতে অংশগ্রহণ করেন। এরমধ্যে ৪৫জন নারী ও ১৪৪জন পুরুষ ক্যাডেট ছিলেন।
