আফগানিস্তানের গজনি প্রদেশের তালেবান-নিয়ন্ত্রিত অংশে বিধ্বস্ত মার্কিন সামরিক বিমানের দুই পাইলটের দেহাবশেষ উদ্ধার করেছে মার্কিন বাহিনী। মঙ্গলবার দেহাবশেষের সঙ্গে বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার ও ধ্বংস হওয়া অবশিষ্টাংশও উদ্ধার করা হয়েছে।
সোমবার গজনির তালেবান-নিয়ন্ত্রিত ইয়াক জেলায় বিমানটি বিধ্বস্ত হয়। এটি ই-১১এ বিমান ছিল বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তারা গুলি করে বিমানটি নামিয়েছে বলে দাবি করেছে তালেবান, যা নিয়ে বির্তক রয়েছে। মঙ্গলবার সকালে আফগানিস্তানের সরকারি বাহিনীগুলো বিধ্বস্ত বিমানটির কাছে যাওয়ার উদ্যোগ নিলে কাছাকাছি এলাকায় তালেবান যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তবে মার্কিন বাহিনী নিহতদের দেহাবশেষ উদ্ধার করতে গেলে তারা বাধা দেবে না বলে জানায় তালেবান। পরে এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলে, ‘আফগানিস্তানের গজনি প্রদেশের যেখানে ইউএস বোম্বাডিয়ার ই-১১এ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখান থেকে দুই কর্মীর দেহাবশেষ উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের বাহিনীগুলো।’ স্থানীয় আফগানরা দেহাবশেষগুলো ‘শ্রদ্ধা ও সম্মানের’ সঙ্গে রক্ষা করেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
পরিচয় না প্রকাশ করার শর্তে মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, বেশ কয়েক বার দেহাবশেষগুলো উদ্ধারের উদ্যোগ নেওয়া হলেও দুর্গম পাহাড়ি এলাকা ও বৈরী আবহাওয়ার জন্য তা বিঘ্নিত হয়। নিহত ঐ দুই পাইলট ছাড়া বিমানটিতে আর কেউ ছিল না বলে জানিয়েছেন তিনি। গজনি পুলিশের প্রধান খালিদ ওয়ারদাক জানিয়েছেন, নিহত দুই পাইলটের মৃতদেহ মার্কিন বাহিনী নিয়ে গেছে।
