একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতোই ঘনিয়ে আসছে ততোই জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থী ও তাদের নেতা-কর্মীদের পাশাপাশি ভোট মাঠে সরব রয়েছেন তিন প্রার্থীর পত্নী। সমানতালে তারাও ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে এখনো অন্য প্রার্থীদের স্ত্রীদের দেখা মেলেনি ভোটের মাঠে।
জানা গেছে, রাজশাহী-২ (সদর) আসনে ভোটের মাঠে সরব রয়েছেন মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার পত্নী অধ্যাপক তাসলিমা খাতুন। রাজশাহী-৪ (বাগমারা) আসনে অবিরাম গণসংযোগ ও পথসভা করে নারীদের নৌকার পক্ষে সংগঠিত করার কাজ করছেন আওয়ামী লীগের প্রার্থী এনামুল হকের স্ত্রী তহুরা হক। এছাড়াও গণসংযোগ করে নৌকার পক্ষে ভোট চাইছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আক্তার ডালিয়া। এ তিন প্রার্থী পত্নী ছাড়া এখনো অন্য প্রার্থীর স্ত্রীকে ভোটের মাঠে দেখা যায়নি।
জানা গেছে, রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় আসলেও ভোটের মাঠে নেই বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হকের স্ত্রী আভা হক। আর এ আসনের আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর স্ত্রী এখনো যাননি এলাকায়। রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার স্ত্রী অধ্যাপক তাসলিমা খাতুন ভোটের মাঠে সরব থাকলেও বের হননি বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর স্ত্রী। রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দিনের স্ত্রীকে দু-একদিন ভোটের মাঠে দেখা গেলেও নির্বাচনী প্রচারে নেই বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের স্ত্রী।
রাজশাহী-৪ আসনে নৌকার প্রচারে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হকের স্ত্রী তহুরা হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দেশেই নেই বিএনপি প্রার্থী আবু হেনার স্ত্রী। আর রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মনসুর রহমান ও শেষ পর্যন্ত প্রচার চালানো নাদিম মোস্তফার স্ত্রীকে দেখা যায়নি ভোটের মাঠে। তবে ভোটের মাঠে সরব রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. মনসুরের চিকিত্সক ছেলে ও মেয়ে।
অপরদিকে, রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আক্তার ডালিয়া নৌকার পক্ষে ভোটের মাঠে সরব থাকলেও বিএনপির প্রার্থী কারাবন্দি আবু সাঈদ চাঁদ ব্যস্ত রয়েছেন গৃহ নিয়ে। ভোটের মাঠে রয়েছেন আবু সাঈদ চাঁদের ছেলে।
