আদালতের তলব আদেশে হাইকোর্টে হাজিরা দিয়েছেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরা হলেন রাজউকের ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের ভারপ্রাপ্ত ইনচার্জ (নকল শাখা) মাসুকাতে রাব্বি। তাদের উদ্দেশ্যে হাইকোর্ট বলেন, নিয়মের কথা বলে, আইন দেখিয়ে অযথা নাগরিকদের ভোগান্তিতে ফেলবেন না। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে, একে অপরের প্রতি দোষ না চাপিয়ে নাগরিকের সেবাপ্রাপ্তির অধিকারকে সহজতর করতে হবে। মোবাইল কোর্ট কর্তৃক দেওয়া আদেশের অনুলিপি দীর্ঘদিন ধরে সরবরাহ না করায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ মন্তব্য করেন।
গত বছরের ১৪ নভেম্বর প্রকল্প উপদেষ্টা লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। গত বছরের ডিসেম্বর মাসের শুরুতে আবেদন করেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। কিন্তু আদেশের কপি না পাওয়ায় তারা হাইকোর্টে রিট করেন। রিটের শুনানিতে ঐ দুই ম্যাজিস্ট্রেটকে তলব করে আদালত। গতকাল তলব আদেশে তারা হাজির হন। আদালতের জিজ্ঞাসার জবাবে ম্যাজিস্ট্রেটরা বলেন, আদেশের কপি সরবরাহ করতে আমাদের কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আমরা সেই প্রক্রিয়া অনুযায়ী কাজ করেছি। আমাদের কাজে কোনো গাফিলতি ছিল না। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকব। আদালত বলেন, বিচারপ্রার্থী মানুষকে বিভিন্ন দপ্তর না ঘুরিয়ে, আমি দিব না, সে দিবে, এসব কথা না বলে, একজন অন্যজনের কাছে না পাঠিয়ে মানুষকে সহজে সেবা দেওয়ার চেষ্টা থাকতে হবে। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও রিটকারীর পক্ষে মো. আছরারুল হক শুনানি করেন।
