বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:৫৯

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।

কালিয়াকৈর (গাজীপুর): শনিবার ভোররাতে কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় ট্রাকের চালক নিহত হয়েছেন। নিহতরা হলেন— মিজান (৩২) ও দেলোয়ার হোসেন (২৩)।

গোড়াই হাইওয়ে থানার এসআই তারিফুজ্জামান জানান, বালুভর্তি একটি ট্রাকের পেছনের চাকা বিকল হয়ে যায়। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ট্রাকটি পার্কিং করে  চাকা বদলানোর জন্য ট্রাকের চালক জগ লাগাতে ট্রাকের নিচে যান। এ সময় পার্কিং করা ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী সিমেন্ট ভর্তি অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও): শুক্রবার রাতে রাণীশংকৈলের গাজীরহাট কলেজের সামনে পাকা রাস্তায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলো আব্দুস সবুর (২৪) ও জাহাঙ্গীর আলম (২৫)। থানার ওসি আব্দুল মান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা: শুক্রবার রাতে খুলনায় সড়ক দুর্ঘটনায় এক জুটমিল শ্রমিক নিহত হয়েছেন। তার নাম আশরাফ ফকির (৫৫)।

চাটমোহর (পাবনা): চাটমোহরের ছাইকোলা গ্রামে শনিবার সকালে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যাত্রী। নিহত ব্যক্তি হলেন তৈয়ব আলী (৫৫)।

ফুলপুর (ময়মনসিংহ): শুক্রবার সন্ধ্যায় ফুলপুরে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন তোফাজ্জল হোসেন (৪০)।

ফুলপুর থানার ওসি মোহাম্মদ বদরুল আলম খান বলেন, বাসটি জব্দ করা হয়েছে।

বাগেরহাট:

শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার ফতেপুর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস চাপায় এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। তিনি হলেন মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছের আলী (৫০)।

গোপালগঞ্জ: শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুরে পেঁয়াজ বোঝাই ট্রাক উল্টে ছত্তার শেখ (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।