নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৭০/৮০ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিকলী থানার এসআই ইসমাইল বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার ভোর রাতে উপজেলার জারুইতলা ইউনিয়নের দক্ষিণ জাল্লাবাদ থেকে শফিকুল ইসলাম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন ভুঁইয়া জানান, বৃহস্পতিবার বিকেলে এসআই ইসমাইল ও এএসএই জসিম উদ্দিন ফোর্স নিয়ে ছাতিরচর ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে যান। এ সময় ছাতিরচর গ্রামের আব্দুল বেপারীর ছেলে জহির উদ্দিনসহ মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্যসহ গ্রাম পুলিশ মতি মিয়া আহত হয়। এ ঘটনায় রাতে নিকলী থানায় এসআই ইসমাইল বাদী হয়ে জহির উদ্দিনকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ এবং আরো ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। অন্য আসামিদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
