খুলনা-১ আসনে হাতপাখা নৌকার আশীর্বাদ, দুশ্চিন্তায় ধানের শীষ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:০১

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা

খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনে হাতপাখার আশীর্বাদে নৌকায় এখন জোয়ার। চতুর্থবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী পঞ্চানন বিশ্বাস এমপি রয়েছেন ফুরফুরে মেজাজে। অপরদিকে দুশ্চিন্তায় রয়েছে ধানের শীষ। খুলনা-১ আসনের আমীরপুর, ভান্ডারকোট, বালিয়াডাঙ্গা, সুরখালী ও জলমা ইউনিয়নে চরমোনাই পীরের মুরিদানের সংখ্যা ব্যাপক। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আবু সাঈদের হাতপাখা প্রতীকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। চরমোনাই পীরের মুরিদানের সাথে ধানের শীষের ভোটার কমছে। বিষয়টি নিয়ে বিএনপি প্রার্থী আমীর এজাজা খান চিন্তিত। তবে আওয়ামী লীগ প্রার্থীর জন্য তা আশীর্বাদ। আর জাতীয় পার্টির প্রার্থী সুনিল শুভ রায়ের লাঙ্গল প্রতীক নিয়ে মহিলা কর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাঠে কাজ করছেন। অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী অশোক কুমার সরকার কাস্তে প্রতীক নিয়ে মাঠে-ময়দানে কাজ করছেন। এ সব প্রতীকের সকল প্রার্থীরই টার্গেট ২ লাখ ৫৯ হাজার ৪২০ ভোটের দিকে।