বিসিএল শুরু আজ

টেস্টের প্রস্তুতিতে নজর মুমিনুলের

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:১৪

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে আগামী ৫ ফেব্রুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ টেস্ট দল। রাওয়ালপিন্ডিতে ৭ ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট। সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে নামার আগে ম্যাচ অনুশীলনের সুযোগ পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মূলত টেস্ট ম্যাচের প্রস্তুতি বিবেচনা করেই তড়িঘড়ি আয়োজন করা হলো বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। লংগার ভার্সন এই প্রতিযোগিতা শুরু হবে আজ।

বিসিএলের প্রথম রাউন্ডে খেলার আড়ালে টেস্টের প্রস্তুতিতেই নজর থাকবে মুমিনুল হকদের। এই ম্যাচকে টেস্টের জন্য আদর্শ প্রস্তুতি বলেই মানছেন তিনি।

ফ্র্যাঞ্চাইজভিত্তিক এই প্রতিযোগিতায় এবারও চার দল অংশ নিচ্ছে। প্রাইম ব্যাংক লিমিটেড সরে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজ থাকছে দুটি। সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বিসিএল। আজ প্রথম রাউন্ডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিরুদ্ধে মাঠে নামবে ওয়ালটন মধ্যাঞ্চল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ বিসিবি উত্তরাঞ্চল। ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ড ও ১৪ ফেব্রুয়ারি তৃতীয় রাউন্ড শুরু হবে। ফাইনাল মাঠে গড়াবে ২১ ফেব্রুয়ারি।

বিসিএলের প্রথম রাউন্ডে টেস্টের প্রস্তুতিই মুখ্য হয়ে পড়ছে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য। পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল গতকাল এমনটাই বলেছেন। তিনি বলেন, ‘সবার টেস্টের আগে একটা ভালো প্রস্তুতি দরকার ছিল। আমার কাছে মনে হয়, বিসিএলে খেললে ভালো একটা প্রস্তুতি হবে। আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে যেকোনো একটা টুর্নামেন্ট খেললে এটা অনেক কাজে দেয়।’

বিসিএলে টেস্ট দলের ক্রিকেটারদের দেখার সুযোগও পাবেন মুমিনুল। বাংলাদেশের টেস্ট অধিনায়ক গতকাল বলেছেন, ‘আমি অধিনায়ক হিসেবে জিনিসটা ভালোভাবে দেখতে পারব। কে কীভাবে খেলে, কে কীভাবে থাকে। এটা ভালো একটা সুযোগ আমার মনে হয়।’

পূর্বাঞ্চল দল নিয়েও বেশ আশাবাদী মুমিনুল। দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে জানিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান বলেছেন, ‘আমার কাছে মনে হয় দুই দিকই শক্তিশালী। কারণ আমার কাছে তিন-চারটা টেস্ট বোলার আছে। তিন-চারটা টেস্ট ব্যাটসম্যানও আছে। সবমিলিয়ে দেখতে গেলে আমার দল যথেষ্ট ভারসাম্যপূর্ণ।’

মিরপুরের উইকেটে মধ্যাঞ্চলের বিরুদ্ধে পূর্বাঞ্চলের ম্যাচটা জমজমাট হবে বলে আশাবাদী মুমিনুল। উইকেট সম্পর্কে তিনি বলেছেন, ‘চারদিনের ম্যাচে প্রথম ১-২ ঘণ্টা যেকোনো জায়গায় চ্যালেঞ্জ থাকে। তো আমি যা দেখলাম উইকেট যা আছে, হার্ড আছে। আর লাইভ গ্রাস আছে। আমার কাছে মনে হয় ব্যাটিং সহায়ক হবে। মিরপুরে বোলাররাও সমর্থন পায়, ব্যাটসম্যানরাও সমর্থন পায়। ভালো একটা খেলা হবে বলে মনে হয়। দুই দলের পেস বোলার কিন্তু খুবই ভালো। আপনারা খেলা দেখে মজা পাবেন, যদি আমরা খুব ভালো ক্রিকেট খেলতে পারি।’

ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, স্বাভাবিক ক্রিকেট খেলতে পারলেই ভালো করবে তার দল। গতকাল তিনি বলেছেন, ‘যেরকম দল আমাদের অবশ্যই আশা অনেক বেশি। আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে অবশ্যই ভালো কিছুই হবে।’

সৌম্য-মুস্তাফিজদের নিয়ে গড়া মধ্যাঞ্চলের নেতৃত্ব উপভোগ করবেন বলে আশা শান্তর। তিনি বলেছেন, ‘আগের বছরেও এই দলের সঙ্গে দায়িত্বটা ছিল। অনেকের সঙ্গে চেনাজানা আছে। কোচের সঙ্গে ভালো একটা বোঝাপড়া আছে। তো ব্যাপারটা অনেক উপভোগ করছি।’