নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডে উন্নয়ন চান ভোটাররা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:৩৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ড হলো ৪৫ নং ওয়ার্ড। প্রায় ২ লাখ বসবাসকারী এই ওয়ার্ডে ভোটার রয়েছে ২৪ হাজার ৬১৯ জন। পুরুষ ভোটার ১২ হাজার ৫৮৫ জন। নারী ভোটার ১২ হাজার ৩৪ জন। উত্তরখান মাজার, কাজীপাড়া, হেলাল মার্কেট, মধ্যপাড়া, মাস্টারপাড়া, আদর্শপাড়া, কুড়িপাড়া, শায়েরটেক, সুজারপাড়া, শান্তিনিকেতন, বুড়িরটেক নোয়ারপাড়া, শ্যামলবাগ এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ড।

এবার এই ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে সমর্থন দেওয়া হয়েছে ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জয়নাল আবেদীনকে। তার নির্বাচনি প্রতীক ঠেলাগাড়ি। তিনি উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জয়নাল আবেদীন বলেন, নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডে নির্বাচিত হয়েও বেশি কাজ করা সম্ভব হয়নি। তবে আমি অল্পসময়ে যা করা সম্ভব হয়েছে তা করেছি। এবার যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে এলাকা নিয়ে বহু পরিকল্পনা রয়েছে।

এই ওয়ার্ডে বিএনপি থেকে সমর্থন দেওয়া হয়েছে উত্তরখান থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে। তার নির্বাচনি প্রতীক ঘুড়ি। জাহাঙ্গীর আলম বলেন, আমার লিফলেট পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। পোস্টার টানানোর পরে সেগুলো থাকছে না। তারপরেও তিনি এলাকাবাসীকে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি রাস্তাঘাটের উন্নয়ন ও আধুনিক পয়োনিষ্কাশনের ব্যবস্থা করব।