ধান সংগ্রহ অভিযান

ছাতকে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:৪০

ছাতকে সরকারিভাবে আমন ধান সংগ্রহ কার্যক্রমে ধীরগতির কারণে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার মাত্র ১৫ ভাগ ধান সংগ্রহ হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এ গতিতে ধান সংগ্রহ কার্যক্রম চললে নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রার শতকরা ৩০-৩৫ ভাগ ধান সংগ্রহ করা সম্ভব হবে। গত বুধবার পর্যন্ত ২০৪ মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলবে বলে খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

জানা যায়, সরকারিভাবে রোপা আমন ধান সংগ্রহে উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের কৃষকদের লটারির মাধ্যমে ১ হাজার ৩৪৩ জন কৃষককে তালিকাভুক্তি করা হয়। লটারির মাধ্যমে ছাতক পৌরসভায় ২৪ জন, ইসলামপুর ইউনিয়নে ১১৪ জন, নোয়ারাই ইউনিয়নে ১১২ জন, ছাতক সদর ইউনিয়নে ৯০ জন, কালারুকা ইউনিয়নে ১০৮ জন, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে ৯৯ জন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে ৯৭ জন, খুরমা উত্তর ইউনিয়নে ১০০ জন, খুরমা দক্ষিণ ইউনিয়নে ১০২ জন, চরমহল্লা ইউনিয়নে ৯৩ জন, জাউয়া ইউনিয়নে ৯৮ জন, সিংচাপইড় ইউনিয়নে ১০৪ জন, দোলারবাজার ইউনিয়নে ১০৩ জন ও ভাতগাঁও ইউনিয়নে ৯৯ জন কৃষককে তালিকাভুক্তি করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন জানান, নিম্ন তাপমাত্রার কারণে ধান সংগ্রহ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ধানে ভিজেভাব থাকার কারণে কৃষকদের নিয়ে আসা ধান গুদামজাত করা যাচ্ছে না। পাশাপাশি তালিকাভুক্ত কৃষকরাও ধান নিয়ে আসছে না। যে কারণে ধান সংগ্রহ কার্যক্রম ধীরগতিতে চলছে। তবে তাপমাত্রা বাড়লে ফেব্রুয়ারি মাসেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।