আজ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মরহুম বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৯৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীয় স্মৃতি সংসদ শিগগিরই মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি ও প্রতীকী সনদপত্র বিতরণ করবে।
বিচারপতি চৌধুরী ১৯২১ সালের ৩১ জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত রাজনীতিক তদানীন্তন প্রাদেশিক পরিষদের স্পিকার মরহুম আবু হামিদ চৌধুরীর একমাত্র সন্তান। বিচারপতি চৌধুরী ১৯৭১-এর ১৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই জন ছাত্রকে পাকিস্তানি হানাদারবাহিনী হত্যা করার প্রতিবাদে উপাচার্যের পদে ইস্তফা দেন। পরবর্তীকালে মুজিবনগরে গঠিত প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে মুক্তি সংগ্রামের স্বপক্ষে বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। চল্লিশের দশকে বিচারপতি আবু সাঈদ চৌধুরী কোলকাতায় নিখিল বাংলা মুসলিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে হলওয়েল মনুমেন্ট বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেন। ১৯৪৬ সালে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশন ব্রিটেন শাখার সভাপতি ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
