বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। গতকাল এই মামলার অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। কারাগার থেকে হাজিরও করা হয়েছিল ২২ আসামিকে। কিন্তু শুনানি হয়নি। শুনানি না হওয়ার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস বলেন, এই হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি হবে। সেজন্য কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গেজেট জারি করলে মামলাটি বদলির আদেশ দেওয়া হবে। এরপরই মামলার অভিযোগ গঠনের জন্য ১৭ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য রাখেন বিচারক। এ সময় রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তাপস কুমার পাল উপস্থিত ছিলেন।
গত বছরের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িত্ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে নৃশংস ও নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরদিন এ ঘটনায় বুয়েটের ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা। তদন্ত শেষে ডিবি পুলিশ ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। এর মধ্যে ২২ জন কারাগারে আছেন। তিন আসামি এখনো পলাতক। পলাতকদের গ্রেফতারে পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল গ্রেফতারকৃত আসামিদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজিরের পর কয়েকজন আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। তখন বিচারক বলেন, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির পর সেখানেই নিষ্পত্তি হবে।
