নিজেদের দেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল মেহেদী হাসান মিরাজের দল। সেই সাফল্য স্পর্শ করে ফেলল আকবর আলীর অনূর্ধ্ব-১৯ দল। গতকাল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে বাংলাদেশ।
আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভারে ২৬১ রান করেছিল ৫ উইকেটে। জবাবে রাকিবুল হাসানের ৫ উইকেট নেওয়ার ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪২.৩ ওভারে ১৫৭ রানে অলআউট হয়ে যায়। আগে ব্যাট করা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান। ইমন ১৭ রান করে আউট হয়ে গেলেও তানজিম লম্বা সময় ব্যাট করেছেন। তিনি ৮৪ বলে ৮০ রান করে আউট হন। পরের দিকে বাংলাদেশের ইনিংসটা বড়ো করেন তৌহিদ হূদয় ও শাহাদাত হোসেন। হূদয় ৭৩ বলে ৫১ রান করেন। আর শাহাদাত ৭৬ বলে ৭৪ রান করেন।
জবাবে রাকিবুলের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রথম স্পেলে তিনি ছিলেন ভয়ানক কৃপণ। ৬ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। পরের ৩.৩ ওভারে আরো ৩ উইকেট নেন ১১ রান খরচ করে। মোট ১৯ রানে শিকার করেন ৫ উইকেট।
