মাগুরা প্রতিনিধি
মাগুরা-২ (মহম্মদপুর-শালিখা-মাগুরা সদর) আসনে সাবেক ও বর্তমান দুই আইনজীবী মন্ত্রীর ভোটের লড়াই হবে। আওয়ামী লীগ প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আইনজীবী ড. বীরেন শিকদার এবং বিএনপি’র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মধ্যে লড়াই হচ্ছে। এই আসনের অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মোস্তফা কামাল।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠিত হচ্ছে সভা ও গণসংযোগ। পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে নির্বাচনী অফিস। বর্তমানে এই আসনটি আওয়ামী লীগের দখলে রয়েছে। আওয়ামী লীগ প্রার্থী ড. বীরেন শিকদার এবার চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বত্র ভোট নিয়ে নানা আলোচনা চলছে। মাগুরাবাসী অপেক্ষায় রয়েছেন ৩০ ডিসেম্বর ভোটের লড়াইয়ে সাবেক ও বর্তমান মন্ত্রী দুই আইনজীবীর মধ্যে কে জয়লাভ করেন তা দেখার জন্য।
