ইসলামি ওয়াজ মাহফিলে সরকার বাধা দিচ্ছে এমন মন্তব্য করায় জাতীয় সংসদে রীতিমতো তোপের মুখে পড়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। জামায়াতের ইন্ধনে এমন মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য প্রদান করা হয়েছে দাবি করে তাকে তুলোধুনো করেন সরকারি দলের সংসদ সদস্যরা। তারা বলেন, ধর্মের নামে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত এবং জামায়াতপন্থিদের প্রতিনিধি হিসেবে কথা বলে বিএনপি সাম্প্রদায়িক উসকানি সৃষ্টির চেষ্টা করছে। এ সময় তারা এমপি হারুনের বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জের দাবি জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সংসদে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে সংবিধানে থাকা বিসমিল্লাহ এবং ওয়াজ মাহফিল নিয়ে এমপি হারুন কিছু মন্তব্য করলে অধিবেশনে কিছুটা উত্তাপ ছড়ায়। ফ্লোর নিয়ে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে যাবতীয় কাজের ভিত্তি’, এটি নতুন সংশোধিত সংবিধান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। অথচ রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় পূর্বের বিষয়টি বিসমিল্লাহির রাহমানের রাহীম, সেটির পরিবর্তে সংযোজিত হয়েছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম করুণময় সৃষ্টিকর্তার নামে। বিসমিল্লাহির রাহমানের রাহিমের প্রকৃত অর্থ সংযোজিত হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরা তাদের সামাজিক বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছে, অথচ আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তারা তাফসির মাহফিল করতে গেলে নিষেধাজ্ঞা ও আপত্তি আসছে। এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা ‘নো নো’ বলে তীব্র প্রতিবাদ জানান।
জবাব দিতে উঠে সাবেক সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই সমানভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। দেশের সমস্ত জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, আল্লাহ-রাসুলের কথা বলা হচ্ছে। ইসলামের কোনো কার্যকলাপে বাধা সৃষ্টির প্রশ্নই উঠে না।
সরকার দলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিএনপির এমপি হারুনুর রশীদের কড়া সমালোচনা করে বলেন, তিনি বিসমিল্লাহির রাহমানের রাহিমের ব্যাখা হিসেবে অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। সারাদেশে ইছালে সওয়াব তাফসির মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিএনপির আমলের মতো ওরশে বোমা হামলা করতে দেইনি। আমরা ইসলামকে রক্ষার জন্য রাষ্ট্রীয়ভাবে সকল ব্যবস্থা গ্রহণ করেছি।
‘বিএনপির কিছু এমপি মিথ্যাচার করছে’
এদিকে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা বলেছেন, ক্যান্টনমেন্টে পেছনের দরজা দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে জন্ম বিএনপি নামক রাজনৈতিক দলের। দলটির বর্তমান প্রধান দুর্নীতির দায়ে কারাগারে, অন্যজন লন্ডনে পলাতক। এমন দলটির প্রতিনিধিত্ব করা বিএনপির কিছু এমপি মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে সংসদকে উত্তপ্ত করার চেষ্টা করছে। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই আর এদেশে বাস্তবায়িত হবে না, দেশের জনগণ গ্রহণ করবে না।
প্রথমে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এবং পরে প্যানেল সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক আলী আশরাফের সভাপতিত্বে গতকাল রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সরকারি দলের আবদুল সালাম মুর্শেদী, মহিবুর রহমান, ছলিম উদ্দীন তরফদার, সৈয়দা রাশিদা বেগম ও জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ।
