মহাজোটগত নির্বাচনের ক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে ১০০ আসন চাইবে জাতীয় পার্টি (জাপা)। তবে দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, প্রাথমিকভাবে ১০০ আসনের তালিকা দিয়ে দরকষাকষি শুরু করা হবে। এরপর সম্মানজনক আসনে ছাড় পাওয়ার আশা করছেন তারা।
জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের গতকাল সোমবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়েই জাপা নির্বাচনে অংশ নেবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসন চাইবো। আমাদের দলের চেয়ারম্যানের (এরশাদের) কাছে শুনেছি জোটের সব শরিকদের আওয়ামী লীগ ৭০টি আসন দিতে চায়। জাপাকে আওয়ামী লীগ কত আসন দিতে চায় এ বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে সম্মানজনক আসনে ছাড় পেলেই কেবল আওয়ামী লীগের সঙ্গে জাপা জোটগত নির্বাচনে যাবে। জিএম কাদের জানান, জাপা নিজেদের নির্বাচনি প্রতীক ‘লাঙ্গল’ মার্কায় নির্বাচন করবে। জিএম কাদের আরো বলেন, নির্বাচন কমিশন সবার অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনি তফসিল পুনঃনির্ধারণ করেছে, এটাকে জাপা ইতিবাচকভাবেই দেখছে।
