বাঁশখালীতে জাতীয় পার্টির প্রার্থীকে থানাথেকে বের করে দেওয়ার অভিযোগ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:১০

চট্টগ্রাম অফিস

বাঁশখালীতে নির্বাচনী পথসভায় হামলার শিকার হয়ে মামলা করতে গেলে থানা থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-১৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী। এমনকি এ ঘটনায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করে উল্টো মামলা করেছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল শনিবার  চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মাহমুদুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার বাঁশখালীর উত্তর চাম্বলের সিকদার দোকান এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গেলে ওই ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হকের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র গ্রুপ অতর্কিত হামলা চালায়। এ সময় ২৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। এরপর বিকেলে জনসভায় বক্তব্য দেওয়ার সময় আবারও গুলিবর্ষণ করে। এ সময়ও অনেকে গুলিবিদ্ধ হয়।’

তিনি বলেন, ‘ওইদিন সন্ধ্যায় বাড়িতে গেলে বাড়ি ঘেরাও করে প্রকাশ্যে গুলি করে সরকার দলীয় সমর্থকরা। পরে মামলা করতে গেলে বাঁশখালী থানা পুলিশ মামলা না নিয়ে থানা থেকে বের করে দেয়। আমাকে সমর্থন করার কারণে পুলিশ রাতে অভিযান চালিয়ে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকে আটক করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেজাম উদ্দিন চৌধুরী, বাঁশখালী উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জসিম উদ্দিন, নুরুল ইসলাম, মোরশেদুল আলম, উসমান খান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমরা কোনো মামলা করিনি এবং কোনো নেতাকর্মীকে আটকও করিনি। তিনি (মাহমুদুল ইসলাম) যেসব অভিযোগ করেছেন, তা মিথ্যা।’