লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:১১

বিরোধীপক্ষের দাবি, এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নেই। নির্বাচনী প্রচারণায় নামলেই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় হামলা, মারধর ও হয়রানি করছে ক্ষমতাসীন জোটের প্রার্থীদের কর্মী-সমর্থকরা। পুলিশ হামলার শিকার এমন  পক্ষদেরই নানাভাবে হয়রানির  চেষ্টা করেছে।  অন্যদিকে ক্ষমতাসীন জোটের  প্রার্থীদের বক্তব্য, কেউ প্রচারণায় না নামলে আমাদের কিছু করার নেই। প্রচারণায় নামেন, আমরাই ব্যবস্থা করে দেব। গতকাল শনিবার  একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসারের আয়োজনে ঢাকা মহানগর এলাকার আসনগুলোর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন তারা।

রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় চিত্রশালা প্লাজা অডিটোরিয়ামে ঢাকার বিভাগীয় কমিশনার রিটার্নিং অফিসার কে এম আলী আজমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অঞ্চল) রকিব উদ্দিন মণ্ডল, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায়, বিজিবির ঢাকা-৮ ও ৯ আসন এলাকায় নিয়োজিত বিজিবি ক্যাম্পের কমান্ডার মেজর তারিক। মতবিনিময় সভায় অর্ধশতাধিক প্রার্থী অংশ নিলেও কথা বলার সুযোগ পান ৪১ জন প্রার্থী। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে ঢাকা-১৫ আসনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর রিটার্নিং অফিস।

মত বিনিময় সভায় ঢাকা-১৩ আসনে ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী আব্দুস সালাম অভিযোগ করেন, ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও কর্মী-সমর্থকরা বিএনপির পোস্টার সাঁটাতে দিচ্ছেন না। এছাড়া, নির্বাচনী প্রচারণায়ও বাধা দেওয়া হচ্ছে বলে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেন তিনি। ঢাকা-১২ আসনের প্রার্থী ও বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, নির্বাচনে সকলের সমান সুযোগ তৈরি না হওয়ায় মানুষের ভোটের অধিকার ও এর প্রতি আস্থা থাকছে না। তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি বলে কিছু না থাকলে   ব্যাপারটাই উঠিয়ে দেওয়া ভালো।

ঢাকা-১৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমদ মজুমদার বলেন, ‘যারা মানুষ হত্যা করেছে, যুদ্ধাপরাধ করেছে তাদেরই একটি দল জামায়াতে ইসলামী। সেই দল থেকে ধানের শীষের প্রতীকে তাদের সেক্রেটারিকে নমিনেশন দেওয়া হয়েছে। তারা বহিরাগত ক্যাডার নিয়ে আসছে। তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও নির্বাচন বানচালের চেষ্টা করছে।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের ঢাকা-৯ আসনের প্রার্থী অ্যাডভোকেট সর্দার মো. মানিক মিয়া বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রতিটি আসনে তদারকি ও সমন্বয় সভা করা দরকার।

ঢাকা-৬ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘একের পর এক হামলা হচ্ছে। এসব  হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সযোগিতায়। আক্রমণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং হামলার শিকারদেরই নানাভাবে হয়রানির চেষ্টা করেছে। ঢাকা-১২ আসনের আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষ থেকে তাঁর সমন্বয়ক ও এজেন্ট বলেন, ঢাকা-১২ আসনে প্রথম কোদাল মার্কারই লেমিনেটিং পোস্টার টানানো  হয়েছে। আমাদের মধ্যে পারস্পরিক পোস্টার বিতরণও হয়েছে।’

ঢাকা-১৫ আসনের জাকের পার্টির (গোলাপ ফুল) প্রার্থী মো. আব্দুল মান্নান,ঢাকা-১৪ আসনের বিএনএফ প্রার্থী আনোয়ার হোসেন এবং ঢাকা-১৯ আসনে  জাতীয় পার্টি-জাপার প্রার্থী তাদের প্রচারণায় কেউ বাধা দেয়নি বলে জানান।  ঢাকা-৪ আসনে মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা নির্বাচনে পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াছ মোল্লার প্রধান নির্বাচনী সমন্বয়ক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

সভার শেষের দিকে প্রার্থীদের বিভিন্ন অভিযোগের বিষয়ে উত্তর দেন সংশ্লিষ্টরা। মহানগর রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম জানান, এখন পর্যন্ত ২৩টি অভিযোগের বিষয়ে নিষ্পত্তি করা হয়েছে। তবে প্রার্থীরা নির্বাচন কমিশনে অভিযোগ না দিয়ে সরাসরি রিটার্নিং অফিসে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব বলেও জানান তিনি। ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, প্রার্থীদের কথা শুনে মনে হচ্ছে সব অভিযোগ পুলিশের বিরুদ্ধেই। নির্বাচনের সময় পুলিশ এক ধরনের চাপে থাকে। প্রার্থী ও সমর্থকরা পুলিশের সে চাপ আরো বাড়িয়ে দেন। তবে পুলিশ কোনো প্রার্থীর প্রচারণায় বাধা দিচ্ছে না। সকলে সহযোগিতা করলে নির্বাচন ব্যর্থ হবে হবে না বলেও মত দেন পুলিশের এই কর্মকর্তা। আগামী ৩০ ডিসেম্বর ভোটাররা উত্সবমুখর পরিবেশেই ভোট দিতে পারবেন বলে সভায় জানান বিজিবির প্রতিনিধি মেজর তারিক। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, প্রার্থীদের নির্বাচনী ব্যয় ও আচরণবিধি মানার বিষয়ে নজরদারি করছে কমিশন। কারো বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলে কমিশন ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।