জিন ছাড়াতে আসা রোগীকে পিটিয়ে-চুবিয়ে মারলো ওঝা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৬

বদজিন ছাড়াতে এসে ওঝা ও তার সহযোগীদের হাতে নিহত হয়েছেন কালাম মৃধা (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার (৩১ জানুয়ারি) বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। 

নিহত কালাম মৃধা পটুয়াখালী বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের তোজম্বার মৃধার ছেলে। অভিযুক্ত ওঝার নাম রিয়াজ ফকির (৪০)। তিনি আওলিয়াপুরের কাঞ্চন ফকিরের ছেলে।

কালাম মৃধার স্ত্রী পারভীন আক্তার জানান, স্বামী অনেকদিন যাবত বদজিনের আছরে ছিল। লোক মারফত ওঝা রিয়াজ ফকিরের খোঁজ পাই। জিন ছাড়াতে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে নিয়ে এলে তাকে হাত-পা বেঁধে কয়েক দফা পানিতে চুবিয়ে ও শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়। আমাকে অন্য একটি ঘরে আটকে রাখে, যাতে বদজিন আমার ওপর আছর করতে না পারে। 

আরও পড়ুন: গোপালগঞ্জে মুখোশ পড়ে দুই মন্দিরে আগুন

বাকেরগঞ্জ থানার আফিসার ইনচার্য আবুল কালাম জানান, থানা পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হলে ঘটনাস্থল থেকে রিয়াজ ফকিরের বোন শারমিন বেগমকে (৪২) গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল আনোয়ার সাইদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে। 

ইত্তেফাক/এসি