তেঁতুলিয়ায় অনুষ্ঠিত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৬

বিনোদন রিপোর্ট

 

ছোটপর্দার জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি এবার ধারণ করা হয় পঞ্চগড়ে। ভেন্যু ছিল পঞ্চগড়ের মুক্তিযুদ্ধের গৌরবদীপ্ত উপজেলা তেঁতুলিয়ার তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক মাঠে। বহুল প্রশংসিত এই পর্বটির পুনঃপ্রচার করা হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। নদী ও ভূমি থেকে পাথর উত্তোলন, সমতল ভূমিতে চা বাগান, মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা এবং পঞ্চগড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চের সামনে লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।

বিষয়-বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হূদয়ছোঁয়া প্রতিবেদন। দেশের একমাত্র পাথরের জাদুঘর রক্স মিউজিয়াম এবং পঞ্চগড়ের সমতলে চা চাষের ওপর রয়েছে দুটি অনুসন্ধানী প্রতিবেদন। স্নায়ুবিক বিকাশগত সমস্যায় আক্রান্তদের ওপর রয়েছে একটি মানবিক ও উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। রয়েছে ঠাকুরগাঁওয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী শিক্ষানুরাগী সুখী আক্তারের জীবন সংগ্রামের ওপর একটি হূদয়স্পর্শী প্রতিবেদন।

এবারের ইত্যাদিতে পঞ্চগড় জেলা ও তেঁতুলিয়ার উল্লেখযোগ্য কিছু বিষয় নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, হানিফ সংকেতের সুর ও মেহেদীর সংগীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন পঞ্চগড় ও তেঁতুলিয়ার প্রায় দেড় শতাধিক নৃত্যশিল্পী।

অনুষ্ঠানে শীতবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে একটি ব্যতিক্রমধর্মী মনস্তাত্ত্বিক জাদু পরিবেশন করেছেন ম্যাজিক রাজিক। এর আগে রাজিক বিদেশি বিভিন্ন চ্যানেলে জাদু প্রদর্শন করলেও দেশে ইত্যাদির মাধ্যমেই তার অভিষেক হলো। নানা সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কটি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারো যথারীতি রয়েছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।