ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
কুয়াশার চাদরে ঢেকে যাওয়া ডিমলা উপজেলায় হাড় কাঁপানো শীত আর হিমেল হাওয়ায় জবুথবু জনজীবন। সূর্যের দেখা মেলেনি গত দুই দিন ধরে। শুক্রবার সকাল থেকে কনকনে হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। মধ্যরাত হতে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টির মতো ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যাচ্ছে না। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চালানো হচ্ছে গাড়ি। এই শীতে কাহিল হয়ে পড়েছে শিশু ও বয়স্করা। বিশেষ করে বয়স্কদের মধ্যে যাদের হাঁপানি, এ্যাজমা রয়েছে তারা ভুগছে বেশি। ঠান্ডার কারণে বাড়ছে শিশুদের জ্বর, সর্দি, ডায়রিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগ। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টায় ডিমলা উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি। বাতাসে আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ। ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার আলম জানান, শীতের সময়টা শিশুদের জন্য খুবই ভোগান্তির। এ সময় শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। শিশুদের যে কোনো অসুবিধায় চিকিত্সকের শরণাপন্ন হতে হবে।
