কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা ছিল বেপরোয়া

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:২১

বিভিন্ন স্থানে ধাওয়া-পালটা ধাওয়া, সংঘর্ষ

ইত্তেফাক রিপোর্ট

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে প্রায় সব ওয়ার্ডে মেয়র পদপ্রার্থীদের সমর্থকেরা বেপরোয় ছিলেন। বিশেষ করে দুপুরের পরে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলরদের সমর্থকেরা বেশ কয়েকটি কেন্দ্র দখল করে রাখেন। ভোটকে কেন্দ্র করে কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে মারপিটেরও ঘটনা ঘটেছে। আবার অনেক স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীকে সকালেই ভয়-ভীতি দেখিয়ে কেন্দ্র এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর পদপ্রার্থীদের কর্মীরা ভোটারকে নির্দিষ্ট একটি প্রতীকে ভোট দিতে বাধ্য করেছেন। অনেক ক্ষেত্রে ভোট প্রদানের প্রক্রিয়া দেখানোর কথা বলে প্রভাবশালী কাউন্সিলর পদপ্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন সমর্থকেরা। অনেক ভোটারকে কাউন্সিলর পদপ্রার্থীদের সমর্থকদের সঙ্গে তর্ক করতে দেখে গেছে। ভোট না দিয়ে কেন্দ্র ছেড়ে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে।

গতকাল বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ আবুজর গিফারি কলেজ কেন্দ্র দখলের চেষ্টা করেছেন দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকেরা। তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই কাউন্সিলর পদপ্রার্থীদের একজন আওয়ামী লীগ সমর্থিত গোলাম আশরাফ তালুকদার। আরেকজন এ দলেরই বিদ্রোহী মামুন রশিদ শুভ্র। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ বারবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

রমনা থানাধীন দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের বেইলি রোডে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাশার এবং একই দলের বিদ্রোহী প্রার্থী মুন্সি কামরুজ্জামান কাজলের কর্মী-সমর্থকদের মধ্যে পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র প্রার্থী মুন্সি কামরুজ্জামানসহ তিন জন আহত হয়েছেন।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বকশীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থী ওমর বিন আবদাল আজিজ তামিম ও বিএনপির প্রার্থী শাহেদা মোরশেদের সমর্থকদের মধ্যে ধাওয়া ও পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই জন আহত হয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের মনিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র দখল নিয়ে পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকেরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘুড়ি প্রতীকের সমর্থকদের একটি গ্রুপ জোর করে একটি কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পুলিশের এক সদস্যকে তারা ধাক্কা দিলে পুলিশও লাঠিচার্জ করে। রাইফেলের বাঁটের আঘাতে ঐ কর্মীর মাথা ফেটে যায়। তখনো কেন্দ্র দখল হয়েছে, এই সন্দেহে ঠেলাগাড়ী প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী ময়েজ উদ্দিনের সমর্থকেরা আরেক গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন। তখন কেন্দ্রে ভীতিকর অবস্থা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের তত্পরতায় পরিস্থিতি শান্ত হয়।

দক্ষিণ সিটির ২৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাসিবুর রহমান মানিক এবং বিএনপি সমর্থিত প্রার্থী মীর আশরাফ আলী আজমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া ও পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার সূত্র ধরে এ সংঘর্ষ হয়। আজিমপুর সরকারি কলোনির লিটল স্কুল কেন্দ্রে দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আওয়ামী লীগের এক জন মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং আরো ৮-১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডায় সংঘর্ষ, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার :বাড্ডার বেরাইদের ৪২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী এবং একই দলের বিদ্রোহী প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, ধাওয়া ও পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আইয়ুব আনসার মিন্টুর সমর্থক আরিফকে দুটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে।