স্থানীয় কর্মীরা পর্যবেক্ষণে বিরত থাকেন
ইত্তেফাক রিপোর্ট
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেছেন বাংলাদেশে দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানরা। গতকাল নির্বাচনের ভোটগ্রহণের দিনে দুটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। সকালে প্রথমে রামপুরা একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় এবং পরে তেজগাঁওয়ের শহিদ মনু মিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি। মিলার রামপুরার একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রায় ১৫ মিনিট অবস্থান করে ভোট প্রদান প্রক্রিয়া ও পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরে সেখান থেকে শহিদ মনু মিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের খেলার মাঠে কিছু সময় দাঁড়িয়ে থেকে সেখানকার অবস্থা পর্যবেক্ষণ করেন। তবে নির্বাচন নিয়ে গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি তিনি।
ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসনও বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও মোহাম্মদপুরের রেসিডেনশিয়াল মডেল কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি। তবে এসব ভোট কেন্দ্র পরিদর্শনকালে তিনিও কোনো মন্তব্য করতে চাননি। এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির মুখে ঢাকাস্থ বিদেশি মিশনগুলো বিদেশি নির্বাচন পর্যবেক্ষকের দল থেকে বাংলাদেশি নাগরিকদের প্রত্যাহার করে নিয়েছে। ভোট কেন্দ্র পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূতের সাথে ঢাকায় মার্কিন দূতাবাসে থাকা প্রেস ও রাজনৈতিক উইয়েং কাজ করা কোনো বাংলাদেশিকে দেখা যায়নি। তবে একজন বিদেশি নারী সহকর্মী রাষ্ট্রদূত মিলারের সাথে ছিলেন। কানাডার হাইকমিশনার, ডেনমার্কেল রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরাও বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন।
