আমি জনগণের মেয়র হয়ে গেছি :ইশরাক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘আমি বিশ্বাস করি জনগণের মেয়র হয়ে গিয়েছি। ভোটের ফলাফল যাই-ই আসুক না কেন, তাদের মনে জায়গা করে নিয়েছি।’

গতকাল শনিবার বিকাল সাড়ে তিনটার সময় জুরাইনের শেখ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ইশরাক হোসেন বলেন, ‘এখানে প্রবেশ করার পর দেখতে পাই একজন ভোটারও ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মেইন গেটে আর ভেতরে আমি দেখেছি তালা মারা ছিল। আমরা যখনই প্রবেশ করেছি তখন তড়িঘড়ি করে তারা তালা খুলে দিলেন। এখানে আমরা আরো একটি অভিযোগ পেয়েছি যে, মেশিনে ধানের শীষের মার্কা দেখাচ্ছে না।

তিনি আরো বলেন, পোলিং এজেন্টকে বের করে দিয়ে তারা নিজেরা ভোট সম্পন্ন করেছেন। আমার প্রতিপক্ষ প্রার্থী ভোটারদের অনেক ভয় পান। তাদের সিনিয়র নেতা আব্দুর রহমান ভোটের তিন দিন আগে ভোটকেন্দ  দখল করার কথা বলেন। সেটার চিত্র আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা চাই না। তাই কর্মীদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেইনি। আমরা চেয়েছিলাম নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সেটা হয়নি।

ইভিএমের ভোট নিয়ে জানতে চাইলে ধানের শীষের প্রার্থী বলেন, ‘আমি ইভিএমে ভোট দিতে পেরেছি। কিন্তু কীভাবে ভোট দিতে হয় তা আমাকে তিনবার কমিশনে গিয়ে বুঝে আসতে হয়েছে। তাহলে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী, সাধারণ মানুষ যারা কোনো দিন এই মেশিন দেখে নাই তারা কীভাবে ভোট দেবে? জোর-জবরদস্তি করে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। আমাদের অভিযোগ নির্বাচন কমিশনে জমা দিয়ে এসেছি, এখন দেখা যাক কী হয়। ইভিএমের ভেতরে ত্রুটিযুক্ত প্রোগ্রামিং করা হয়ে থাকতে পারে যাতে করে পক্ষপাতিত্বমূলক ভোট গ্রহণ হয়।’