গোপালগঞ্জে মন্দিরে দুষ্কৃতকারীর আগুন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৪

গোপালগঞ্জে মন্দিরে দুর্বৃত্তের দেওয়া আগুনে চারটি প্রতিমার সাজসজ্জা পুড়ে গেছে। শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া ছোটেখোলা সর্বজনীন কালি মন্দিরে এ ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় কাজুলিয়া পল্লি মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী সরস্বতী মন্দিরে অনুরূপভাবে আগুন দেওয়া হয়।

প্রশাসন ও পুলিশের পদস্থ কর্মকর্তারা বুধবার, শুক্রবার রাত ও শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার কর্মীরা কাজ করছেন। সেখানে বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ।

মন্দির কমিটির সভাপতি বিধান চন্দ্র বিশ্বাস বলেন, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দুই জন দুষ্কৃতকারী মন্দিরের গ্রিল দিয়ে মন্দিরের মধ্যে কিছু একটা ছুড়ে মারে বলে বাজুনিয়া গ্রামের সপ্তম শ্রেণির ছাত্র সংলাপ মল্লিক আমাদের জানিয়েছে। পরে ভয়ে সে বাড়ি চলে যায়। এরপর সুরেশ আরিন্দা মন্দিরে প্রণাম করতে এসে আগুন দেখতে পান। তার চিত্কারে গ্রামবাসী ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। এতে কালী, রক্ষাচন্ডি, শীতলা ও শিব মূর্তির কাপড়, অলংকার ও সাজসজ্জা পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ কেরসিনের বোতল ও দিয়াশলাই উদ্ধার করেছে।

কাজুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাখন লাল দাস বলেন, একটি দুষ্কৃতকারী গোষ্ঠী পরপর দুই মন্দিরে একই কায়দায় আগুন দিয়ে এলাকাটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে ধারণা করছি। গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, ঐ দুই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে নেমে তদন্ত শুরু করেছেন। আমরা গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। এছাড়া কাজুলিয়া স্কুলের ঘটনার ভিডিও ফুটেজ পেয়েছি। সেখানে দুষ্কৃতকারীরা মুখোশ পরা ছিল।