বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে -ড. শিরীন শারমিন চৌধুরী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৫

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের বড়ো একটি অংশ হচ্ছে তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্মই হলো আমাদের মূল চালিকাশক্তি। তারাই আগামীতে নেতৃত্বে দেবে। তাই মুজিববর্ষে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।

গতকাল শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী ও নবীন প্রবীণ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্যমুক্ত ও শোষণমুক্ত একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তার বাস্তবায়ন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সারাদেশের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। শিক্ষা ব্যবস্থায় আজকে  অভূতপূর্ব উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। বছরের প্রথমে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়েছে, যা সারা বিশ্বের মধ্যে অনন্য নজির। মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আনার জন্য মেধা  ও শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী সারাদেশে ২৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন।

চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কয়ছর আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জাতীয় সংসদের চিপ হুইপ নুর-ই আলম, স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এর আগে বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি। পরে প্রধান ও বিশেষ অতিথিকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে চলচ্চিত্র নায়ক রিয়াজ, শাকিব খান, মৌসুমী ও পপির অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।