সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল বাজারে আগুনের ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ, রায়গঞ্জ এবং বেলকুচি থেকে আসা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে সম্পূর্ণ পুড়ে যায় ৭টি দোকান ও ভিতরে থাকা প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোর রাতে বেতিল বাজারের হাজী নজরুল ইসলাম মার্কেটের সুব্রত কুমারের কম্পিউটারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মার্কেটের আরো ৭টি দোকানে ছড়িয়ে পড়ে। তখন স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং ৯৯৯ কল সেন্টারে খবর দিয়ে দোকান থেকে ঘুমিয়ে থাকাদের উদ্ধার ও আগুন নেভানোর চেষ্টা করে। পরে ভোর সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ, রায়গঞ্জ ও বেলকুচির ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এর মধ্যে রবিউল ইসলাম, জামিল হোসেনের ইলেকট্রনিক্স ও মুদি খানার দোকান, হাসান আলী দর্জি কাপড়ের দোকান, অসীম হলদারের কম্পিউটার, টিটুর সেলুন এবং ডা. আক্কাস আলীর ওষুধের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। দোকানের মালামাল, ফ্রিজ, টিভি, কম্পিউটার পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা এখন নিঃস্ব।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত দোকানী জামিল হোসেন কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার মুদি দোকানের উপরেই পুরো পরিবার চলতো। এখন কি হবে জানিনা। আল্লাহ পাক ছাড়া আমার গতি নেই। এমন হবে কখনো কল্পনা করিনি। আগুনের ভয়াবহতা আমাদের সব কেড়ে নিয়েছে।
ফায়ার সিরাজগঞ্জ ফায়ার এন্ড সিভিল সার্ভিস ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, আগুনে ৭টি দোকানের প্রায় সবই পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকার মত। আর সবার সহযোগিতা ছিল বলে আগুন ছড়িয়ে পড়েনি। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই ধারনা করি আগুনের সূত্রপাত হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
