প্রতিটি কেন্দ্রে ব্যালটে সিল মারা গ্রুপ ঠিক করা হয়েছে :রিজভী

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:২৯

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন,  নৌকা প্রতীকে সিল দেওয়ার জন্য তালিকাভুক্ত আওয়ামী লীগ কর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছে পুলিশ। সারা দেশের স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের তালিকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দিয়েছেন। এই তালিকা ধরে আজ (শনিবার) রাত থেকে নাকি নেতা-কর্মীদের আটক করা হবে। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, অপেক্ষাকৃত যুবক বয়সের কর্মীরা সিল মারার দায়িত্বে থাকবে, পাঁচজন করে কেন্দ্রভিত্তিক সিল মারা গ্রুপ ঠিক করা হয়েছে, শুধু দলনেতার কাছে মোবাইল থাকবে এবং ২৯ তারিখ রাতে নির্দিষ্ট নম্বর ছাড়া অন্য কোনো কল রিসিভ করবে না, রাতে ৩০ শতাংশ ভোট সিল মারা হলে তারা কেন্দ্র থেকে চলে যাবে, রাত ও দিনের বেলা কেন্দ্রের বাইরে পাহারা দেওয়ার জন্য কর্মীদের দ্বারা পৃথক টিম গঠন করে দিয়েছে পুলিশ, সিল মারার সময় বাইরে সতর্ক অবস্থায় থাকবে বিভিন্ন বাহিনী, দিনের বেলায় আওয়ামী লীগের অন্য কর্মীরা লাইনে থাকবে, বারবার বিশৃঙ্খলা তৈরি করে আবার ঠিক করা হবে এবং ভোট প্রদানের গতি অনেক মন্থর করা হবে, পুলিশের  মোবাইল টিম কর্তৃক বিরোধী দলের সমর্থিত এলাকার লোকদের আসার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে।