অভিশংসন থেকে অব্যাহতি!
তালেব রানা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু উচ্চকক্ষ সিনেটের বিচারে তিনি অব্যাহতি পাচ্ছেন! প্রতিনিধি পরিষদে আর্টিকেলস অব ইমপিচমেন্টের ওপর ভোটাভুটিতে প্রায় সব রিপাবলিকান সদস্যই অভিশংসনের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। সিনেটের বিচারেও ট্রাম্পকে রক্ষায় পাশে দাঁড়িয়েছেন তার দল রিপাবলিকান পার্টির সিনেটররা।
সিনেটের বিচারে নতুন করে সাক্ষী আনার প্রক্রিয়া আটকে দিয়েছেন তারা। ট্রাম্প প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনসহ কয়েক জনকে সাক্ষী করার জোর চেষ্টা ছিল ডেমোক্র্যাটদের। কিন্তু গত শুক্রবার সাক্ষী আনা সংক্রান্ত একটি প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন রিপাবলিকান সিনেটররা। এই প্রস্তাব বাতিলের পর সিনেটের বিচার দ্রুত শেষ করার রাস্তা খুলে গেছে।
সিনেটে বিচারের পরবর্তী ধাপ কী হবে—সে বিষয়ে শুক্রবারই একটি প্রস্তাব অনুমোদন করেছে সিনেট। আজ সোমবার ট্রাম্পের আইনজীবী টিম এবং হাউজ প্রসিকিউটররা তাদের সমাপনী যুক্তিতর্ক পেশ করবেন। এরপর প্রত্যেক সিনেটরকে তাদের বক্তব্য তুলে ধরতে সর্বোচ্চ ১০ মিনিট করে সময় দেওয়া হবে। বুধবার আর্টিকেলস অব ইমপিচমেন্টর ওপর সিনেটে ভোটাভুটি হবে। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে ট্রাম্প সহজেই খালাস পাবেন বলে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। কারণ কোনো প্রেসিডেন্টকে সিনেটের বিচারে অভিযুক্ত করে অপসারিত করতে ৬৭ সিনেটরের সমর্থন প্রয়োজন। কিন্তু ১০০ সিনেটরের মধ্যে রিপাবলিকান ৫৩ জন, ডেমোক্র্যাটদের আছে ৪৫ আর দুই জন সিনেটর হলেন স্বতন্ত্র। এরই মধ্যে অভিশংসন বিচার নিয়ে মার্কিন কংগ্রেসে দলীয় বিভাজন স্পষ্ট হয়ে গেছে। তাই ট্রাম্পের অব্যাহতি প্রায় নিশ্চিত।
রালফ ওয়াল্ডো এমারসন একজন মার্কিন সাহিত্যিক। তার একটি উক্তি ছিল—‘যখন তুমি একজন রাজাকে আঘাত করবে তখন তাকে অবশ্যই হত্যা করতে হবে।’ ডেমোক্র্যাটরা ট্রাম্পকে আঘাত করেছে কিন্তু তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেনি। নিউ ইয়র্ক টাইমসের এক নিবন্ধে বলা হয়েছে, আপাতদৃষ্টিতে এটা স্পষ্ট যে ট্রাম্প অব্যাহতি পাচ্ছেন। এই অভিশংসনের বিচার তার জন্য একটি বড়ো পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় জয়ী হলে ট্রাম্পের আত্মবিশ্বাস আরো বাড়বে। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের প্রচারণায় তিনি অভিশংসনের বিচার ও এর থেকে অব্যাহতিকে বড়ো ইস্যু করে প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের বেপরোয়া আচরণ রুখতে ডেমোক্র্যাটদের হাতে সবচেয়ে বড়ো সাংবিধানিক অস্ত্র ছিল অভিশংসন। কিন্তু তারা এই অস্ত্র ব্যবহার করে তাকে পরাজিত করতে ব্যর্থ হয়েছেন। এমনকি সাক্ষী হাজির করে পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়াও সম্পন্ন করতে পারেননি তারা। অভিশংসন বিচার প্রক্রিয়াকে ধোঁকাবাজি, মিথ্যা বলে বারবার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি যুক্তরাষ্ট্রের সংবিধান তাকে যা খুশি করার ক্ষমতা দিয়েছে। তবে তিনি প্রেসিডেন্ট হিসেবে অন্যায় কিছু করেননি। নিবন্ধে বলা হযেছে, ট্রাম্প ক্ষমতায় আসার পর এমন অনেক কাজ করেছেন যা আগের মার্কিন প্রেসিডেন্টরা করেননি। সিনেটে অব্যাহতি পাওয়ার পর ট্রাম্প আরো বেশি শৃঙ্খলমুক্ত হবেন! কারণ এখন কোনো আইনি কাঠামোকে ভয় করার কিছু নেই তার।
সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান মিকি এডওয়ার্ডস বলেন, আমার মনে হয় না—ট্রাম্পকে তার অবস্থান থেকে নড়ানো যাবে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এডওয়ার্ডস বলেন, অব্যাহতির মাধ্যমে ট্রাম্পকে একটি সবুজ সংকেত দেওয়া হয়েছে। তিনি যেভাবে কাজ করছেন এখনো সেভাবে চালিয়ে যেতে পারবেন। আমার মনে হয়েছে, এর মাধ্যমে ট্রাম্পকে আরো ক্ষমতা দেওয়া হয়েছে। তাকে আরো আত্মবিশ্বাসী করা হয়েছে যে তাকে কেই কিছু করতে পারবে না।
