স্পোর্টস ডেস্ক
চতুর্থ সেটে তখন নোভাক জকোভিচ পিছিয়ে ডমিনিক থিয়েম থেকে। সেটটা হারলে শিরোপাটাও বিসর্জন দিতে হতো তাকে। তখনই জকোভিচকে ডাক্তারের শরণাপন্ন হতে হলো। এরপর শুশ্রূষা নিয়ে মাঠে ফিরলেন, ম্যাচেও ফিরলেন দোর্দণ্ড প্রতাপে। পরের দুই সেট জিতে ৬-৪, ৪-৬, ২-৬, ৬-৩, ৬-৪ গেমে থিয়েমকে হারিয়ে ঘরে তুললেন অস্ট্রেলিয়ান ওপেনের অষ্টম শিরোপাও।
রড লেভার অ্যারেনায় গতকাল রবিবার ম্যাচের শুরুটা জকোভিচ করেছিলেন নিজের মতো করেই। ৬-৪ গেমে জিতে শুরুতেই যখন এগিয়ে গেলেন, সাম্প্রতিক ফর্ম মাথায় রেখে সরাসরি সেটে জয়টাকেই মনে হচ্ছিল ম্যাচের সম্ভাব্য ফলাফল।
কিন্তু থিয়েম তো সহজে হাল ছাড়ার পাত্র নন! পরের দুই সেটে জিতে সম্ভাবনা জাগালেন প্রথম গ্র্যান্ডস্ল্যামেরও। তবে এরপরই ‘জোকার’-এর প্রত্যাবর্তনের শিকার হতে হলো তাকে। শেষ দুই সেটে সম্ভাবনা জাগিয়েও হারলেন ৬-৩, ৬-৪ গেমে।
নোভাক জকোভিচ এই জয়ের ফলে রাফায়েল নাদালকে হটিয়ে র্যাংকিংয়ের শীর্ষে তো উঠে এসেছেনই, গড়েছেন এমন এক কীর্তি যা রজার ফেদেরার-নাদালেরও নেই। প্রথম খেলোয়াড় হিসেবে উন্মুক্ত যুগে তিনটি দশকে গ্র্যান্ডস্ল্যাম জেতার কীর্তি গড়েন তিনি।
ফেদেরার-নাদালের সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জয়ের কীর্তিরও খুব কাছাকাছি চলে এসেছেন তিনি। চলতি আসরের শিরোপা জেতায় বর্তমানে তার জেতা গ্র্যান্ডস্ল্যাম সংখ্যা দাঁড়াল ১৭টিতে। আর তিনটি শিরোপা জিতলেই নাদালকে হটিয়ে পাশে বসবেন ফেদেরারের। চারটি হলে বনে যাবেন সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জয়ীও।
প্রতিপক্ষের এমন কীর্তি অভিভূত করেছে থিয়েমকে। অস্ট্রিয়ান এই খেলোয়াড় বলেন, ‘আপনি আর আপনার দল বিগত বছরগুলোয় যা করছেন তা অবিশ্বাস্য। আপনি এবং আরো দুই জন ছেলে টেনিসকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। এ সময়ে টেনিস খেলতে পেরে আমি গর্বিত।’
জয়ের পর জকোভিচের প্রতিক্রিয়া, ‘বিশ্বের অন্য টুর্নামেন্টগুলোর কাছে এই টুর্নামেন্টটা বেশ উঁচু মান ঠিক করে দিয়েছে। এটা অবশ্যই আমার প্রিয় কোর্ট, আমার প্রিয় স্টেডিয়াম। শিরোপাটা জিততে পেরে আমি নিজেও বেশ গর্বিত।’
