স্পোর্টস রিপোর্টার
জানুয়ারির শেষ সপ্তাহে নারী ফুটবল লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিটি করপোরেশনের নির্বাচনের কারণে সেটি শুরু হয়নি। গতকাল জানা গেল আগামী ১৫ ফেব্রুয়ারি নারী লিগ শুরু হবে। কমলাপুর স্টেডিয়ামে খেলা হবে। ডাবল লিগ হবে। বসুন্ধরা কিংস জাতীয় দলের ক্যাম্প থেকে ১৯ ফুটবলার নিয়েছে। বাকি কিছু ফুটবলার অন্যান্য ক্লাবে খেলছে। প্রিমিয়ার লিগের বসুন্ধরা কিংস ছাড়া আরো কোনো ক্লাব নারী লিগে রেজিস্ট্রেশন না করায় এটাকে দুঃখজনক মনে করছে বাফুফে। ক্লাবগুলো নারী ফুটবলে নানা অজুহাত দেখিয়ে এড়িয়ে চলছে। প্রায় ছয় বছর পর নারী লিগ পুনরায় শুরু হচ্ছে। বাফুফে মনে করছে এ বছরই আরেকটি লিগ আয়োজন করতে পারবে তারা। দেশে প্রচুর নারী ফুটবলার রয়েছে। বিশেষ করে বঙ্গমাতা ফুটবলের কারণে এখন দেশে উঠতি নারী ফুটবলারের সংখ্যাও বিরাট। এটিকে কাজে লাগিয়ে ক্লাবগুলো এগিয়ে এলে নারী ফুটবলে দেশে বড়ো পরিবর্তনও আসবে বলে মনে করছে বাফুফে।
