বিশেষ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুস্থ আছেন। গতকাল রবিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছেরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত শুক্রবার সকালে অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তাকে বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। পর্যবেক্ষণের জন্য তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় শনিবার ওবায়দুল কাদেরকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান জানিয়েছেন, ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ। তবে তার আরো বিশ্রাম প্রয়োজন।
