জয় ঢাকাবাসীকে উত্সর্গ করলেন তাপস

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নির্বাচনের বিজয়কে ঢাকাবাসীর প্রতি উত্সর্গ করে সবাইকে নিয়ে কাজ করে উন্নত ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমাদের কারো প্রতি কোনো বিদ্বেষ নেই। আমরা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব। বিএনপি প্রার্থী যিনি পরাজিত হয়েছেন, তার প্রতি আমার সমবেদনা রইল। আমি আশা করব, উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে তিনিও আমাদের সহযোগিতা করবেন। সবাইকে নিয়ে আমরা উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে কাজ করব।

গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তাপস বলেন, এই বিজয় অভূতপূর্ব। এই বিজয় উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকাবাসীর রায়। আমি এই বিজয় ঢাকাবাসীর জন্য উত্সর্গ করছি। আমার বিশ্বাস ছিল, ঢাকাবাসী উন্নত ঢাকা গড়া লক্ষ্যে সাড়া দেবে। সেই          সাড়া আমি শনিবার পেয়েছি। আমি প্রতিজ্ঞাবদ্ধ ও দৃঢ় প্রত্যয় নিয়ে ঢাকাবাসীর দ্বারে এসেছিলাম। তারা আমাকে ম্যান্ডেট দিয়েছেন। দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাজ শুরু হবে। ডিএসসিসি নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের অভিনন্দন জানান তাপস। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি নবসূচনা ও যাত্রা শুরু করব। ঢাকাবাসীর প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত যে নগরী, আমরা একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তেমন একটি ঢাকা গড়ে তুলব। গণভবনে প্রধানমন্ত্রী কোনো দিকনির্দেশনা দিয়েছেন কি না, জানতে চাইলে তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের খুবই আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন এবং কিছু দিকনির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ২০৪১ সালের রূপকল্প, সেটার লক্ষ্যেই আমরা ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলতে চাই। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তাকে মেয়র হিসেবে নির্বাচিত করার জন্য ঢাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ দেন। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকেও নিরলস পরিশ্রমের করে তার প্রচারণায় সহযোগিতার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।